Bartaman Logo
১০ জুন, ২০২৬

অপারেশন মহাদেব: পহেলগাঁও হামলার মূল চক্রী সহ খতম তিন জঙ্গি, বড় সাফল্য পেল সেনা

বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার মূলচক্রীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

অপারেশন মহাদেব: পহেলগাঁও হামলার মূল চক্রী সহ খতম তিন জঙ্গি, বড় সাফল্য পেল সেনা
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

শ্রীনগর, ২৮ জুলাই: বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার মূলচক্রীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঠিক যেই মুহূর্তে সংসদে অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তখনই উপত্যকা থেকে বড় খবর দিয়েছে ভারতীয় সেনা। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছেই দাচিগামের জঙ্গলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর চিনার কোর গ্রুপ। সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মহাদেব। তবে শুধুই নিরাপত্তা বাহিনী নয়, অপারেশন মহাদেবে যৌথভাবে অভিযান চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিস এবং সিআরপিএফ জওয়ানরা।

Advertisement

আজ, সোমবার সকালে শ্রীনগরের কাছে দাচিগামে জঙ্গলে গুলির শব্দ শোনা গিয়েছিল। সন্দেহজনক গতিবিধিও লক্ষ্য করা যায়। তারপরেই অভিযানে যায় যৌথবাহিনী। তার কিছুক্ষণ বাদে দাচিগামের জঙ্গলে গোলাগুলির শব্দ শোনা যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে। পরে সেনা জানায় অপারেশন মহাদেবে তিনজন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। যার মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মূল চক্রী লস্কর জঙ্গি সুলেমান। সঙ্গে আরও দুই জঙ্গি আবু হামজা ও ইয়াসিরকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংসভাবে ২৫ জন ভারতীয় ও একজন নেপালের বাসিন্দাকে খুন করে লস্করের মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ। তারপরেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি। হামলা চালালে পাকিস্তানি সেনাকেও যোগ্য জবাব দেয় ভারত। সেই ঘটনার কয়েকমাস বাদেই উপত্যকায় বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। যদিও অপারেশন মহাদেব এখনও শেষ হয়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ