নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আজ, বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। ঘটা করে প্রশাসনিক দপ্তরগুলিতে তার আয়োজনও হবে। কিন্তু, প্রায় এক দশক পেরিয়ে আজও দূষণের পরিবেশ বদলাল না কুপার্স ক্যাম্প শ্মশান সংলগ্ন নোকাড়িগামী একমাত্র রাস্তার পাশের খোলা ভাগাড়ের। সংলগ্ন তিনটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ দুর্গন্ধ আর দূষণের জেরে অতিষ্ঠ।
ক্যালেন্ডার ঘুরে আরও একটি পরিবেশ দিবসের দুয়ারে দাঁড়িয়ে রানাঘাটের উপকণ্ঠের এই উপ-শহরটি। ২০২২ সালে কুপার্স নোটিফায়েড এরিয়া অথরিটির নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত কেবল নির্বাচনের আশায় দিন গুনছে কুপার্স ক্যাম্পের আমজনতা। নির্বাচিত বোর্ড না থাকায় রানাঘাটের মহকুমা শাসককেই প্রশাসক পদে বসিয়ে কাজ চলছে। ফলে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাগরিক পরিষেবা। শহরের অলিগলিতে সমস্যার ভিড়। তারমধ্যে অন্যতম কুপার্স ক্যাম্পের শ্মশান সংলগ্ন ভাগাড়। পুরসভার পক্ষ থেকেই সেখানে অপরিকল্পিতভাবে বছরের পর বছর কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। এখানে না আছে প্রক্রিয়াকরণের ব্যবস্থা। না আছে ন্যূনতম ঘিরে রাখার বন্দোবস্ত। প্রায় এক দশক ধরে সেই ভাগাড়ের দূষণে অতিষ্ঠ সংলগ্ন ১, ২ এবং ৩নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা। আজ, বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে কুপার্সের মানুষের কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।
দেখা গিয়েছে, সেই ভাগাড়ের পাশেই রয়েছে কুপার্স ক্যাম্প থেকে নোকাড়ি যাওয়ার একমাত্র রাস্তা। ঘেরা না থাকায় প্রতিদিন কঠিন বর্জ্যের স্তূপ থেকে ধস নামছে রাস্তাটির উপরে। বেশকিছু জায়গায় কঠিন বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে এতটাই দুরবস্থা, যে পায়ে হাঁটা দায়। কটু গন্ধ ও লেগে যাওয়া আগুনের ধোঁয়ায় অতিষ্ঠ আশেপাশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভাগাড় অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। রাস্তাটি বাঁচাতে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভাগাড়টি অস্থায়ীভাবে ঘিরে ফেলার ব্যবস্থা করার দাবিও ছিল। কিন্তু, তা আর হয়নি। ফলে প্রায় এক দশক ধরে সমস্যাকে সঙ্গী করেই কাটছে কুপার্সবাসীর জীবন। কুপার্সের বাসিন্দা অর্ঘ্য বিশ্বাস বলেন, শুনেছিলাম অন্যত্র ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা চলছে। কিন্তু, তা কবে হবে, জানা নেই। অথচ, পাশের রাস্তা দিয়ে যাতায়াত করাই যায় না। আশেপাশে যাঁদের বাড়ি, তাঁরা যে কোনও দিন দূষণের জেরে অসুস্থ হয়ে পড়বেন। আরএক বাসিন্দা নিলয় দাস বলেন, পরিবেশ দিবসের নামে দপ্তরে অনুষ্ঠান না করে সেই খরচায় এই জায়গা অস্থায়ীভাবে ঘিরে দেওয়া যেত। তাতে অন্তত রাস্তাটা চলাচলের যোগ্য থাকত।
কুপার্সের প্রশাসক তথা রানাঘাটের মহকুমা শাসক ভরত সিং বলেন, কেন্দ্রীয় বিদ্যালয়ের উল্টোদিকে নতুন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। যেহেতু আমাদের হাতে বিকল্প জায়গা নেই, তাই ওখানে ডাম্পিং হচ্ছে। তবে আমি এগজিকিউটিভ অফিসারকে বলেছি অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য বিকল্প জায়গা খুঁজতে। যদি পাওয়া যায়, তাহলে শ্মশানের কাছ থেকে ভাগাড় সরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে আপাতত সেটিকে ঘিরে রাস্তা বাঁচানো যায় কি না, তার চেষ্টা চলছে।