সংবাদদাতা, ময়নাগুড়ি: পরিস্রুত পানীয় জলের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্যের সামনে ক্ষোভ প্রকাশ করলেন ময়নাগুড়ির খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ১৪২ নম্বর বুথের হঠাৎ কলোনির বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে পানীয় জল নিয়ে আনতে হচ্ছে জর্দা নদী থেকে। বহুবার বলা হলেও, এখনও এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছয়নি। গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের অতীন রায়ের অভিযোগ, একাধিকবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বিষয়টি জানানো হলেও হঠাৎ কলোনি এলাকার একটি অংশে এখনও বসেনি পানীয় জলের পাইপ লাইন। এদিকে, বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পিএইচই’র পক্ষ থেকে।
খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনির নেতাজি পাড়ায় বেশকিছু বাড়িতে পানীয় জলের সংযোগ থাকলেও, অধিকাংশ এলাকায় তা পৌঁছয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীদের দৈনন্দিন কাজের জন্য কাঁচা পথ পেরিয়ে জর্দা নদী থেকে জল নিয়ে আসতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, নদীতে নামার পথ এতটাই খারাপ যে মহিলাদের মাঝেমধ্যে চোট লাগছে। তীব্র গরমে চরম সঙ্কটে পড়েছেন তাঁরা।
গ্রামবাসী সুহানা পারভীন বলেন, দৈনন্দিন কাজের জন্য নদী থেকে জল আনতে হচ্ছে। নদীর পথ অত্যন্ত খারাপ। অপর বাসিন্দা পুষ্পরানি দাস বলেন, কুয়োয় জল একেবারে নীচে নেমে গিয়েছে। সেই জল খাওয়ার অযোগ্য। পেটের সমস্যা দেখা দিচ্ছে। অন্যান্য কাজের জন্যও নদী থেকে জল আনতে হচ্ছে। তবুও আমাদের গ্রামে এখনও বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি।
পঞ্চায়েত সদস্য অতীন রায় বলেন, হঠাৎ কলোনি এলাকার একটি অংশে এখনও পাইপলাইন বসেনি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে একাধিকবার জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা তারা গ্রহণ করেনি।
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ময়নাগুড়ির পঙ্কজকুমার রায় বলেন, হঠাৎ কলোনি এলাকায় এর আগে যে সমস্যা ছিল, তার সমাধান হয়েছে। যে অংশে অসুবিধা রয়েছে, সেটারও সমাধান হবে। বিষয়টি দেখছি।
নিজস্ব চিত্র।