Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাত্র ২ শতাংশ ভোটার ডাক পাবেন শুনানিতে, বিজেপির দাবি ফ্লপ, বলছে তৃণমূল

পুরুলিয়া জেলাজুড়ে ৯১ শতাংশের বেশি ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে।

মাত্র ২ শতাংশ ভোটার ডাক পাবেন শুনানিতে, বিজেপির দাবি ফ্লপ, বলছে তৃণমূল
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া জেলাজুড়ে ৯১ শতাংশের বেশি ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এই পর্যায়ে এখনও পর্যন্ত জেলাজুড়ে মোট ভোটার সংখ্যার মাত্র ৪ শতাংশ ইনিউমারেশন ফর্ম 'আনকালেক্টবল' হিসেবে চিহ্নিত হয়েছে। সেই তালিকায় মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে। তবে জেলা প্রশাসন অবশ্য একেকটি নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ১০০ শতাংশ নিশ্চিত হতে চাইছে। সেই কাজে শুধুমাত্র বিএলওদের উপরই দায় ছেড়ে প্রশাসনের কর্তারা হাত গুটিয়ে বসে নেই। প্রয়োজন অনুসারে বেশকিছু ক্ষেত্রে আনকালেক্টবল হিসেবে চিহ্নিত ভোটারদের সমস্ত নথি সরেজমিনে যাচাই করা হচ্ছে। জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, জোরকদমে ডিজিটাইজেশনের কাজ চলছে। ৯১ শতাংশের বেশি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। জেলায় এখনও পর্যন্ত ৪ শতাংশ ইনিউমারেশন ফর্ম আনকালেক্টবল হিসেবে চিহ্নিত হয়েছে। 

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মোট ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার ৪৪২। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলির পর সেসব সংগ্রহও করছেন। সেইসঙ্গে পাল্লা ডিজিটাইজেশনের কাজও চলছে। আগামীতে জেলার ২ শতাংশ ভোটারকে হিয়ারিংয়ের জন্য তলব করা হবে বলেও জানা গিয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, একজনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় শুরু থেকেই সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনও নির্দিষ্ট বুথে একজনও মৃত কিংবা স্থানান্তরিত ভোটারের হদিশ না পাওয়া গেলে সেক্ষেত্রে কমিশনের নির্দেশ মেনে ভেরিফিকেশন করা হবে। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে স্যাম্পেল চেকিং করা হবে। সবটাই হবে জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের নজরদারিতে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ ডাগা বলেন, শুরু থেকেই এসআইআর ইস্যুতে বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। বিহার ও দিল্লির মতো চালাকি করার পরিকল্পনা করেছিল। তবে আমাদের দলের প্রতিটি নেতাকর্মী সজাগ থাকায় বিজেপি পুরোপুরিভাবে তাতে ব্যর্থ হয়েছে। পুরুলিয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শংকর মাহাত বলেন, তৃণমূলের কথায় সাধারণ মানুষ গুরুত্ব দেয় না। আমরা প্রথম থেকেই ভুয়ো সহ সন্দেহজনক ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেছিলাম। এসআইআরের সৌজন্যে এবার তা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে জেলার ভোটার তালিকায় থাকা বেশকিছু নাম নাম বাদ পড়েছে। ভোটার হিসেবে বাস্তবে যাদের কোনও অস্থিত্ব ছিল না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ