লখনউ: উত্তরপ্রদেশে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ শেষই হচ্ছে না। এর মধ্যেই আজমগড় বিধানসভা কেন্দ্রের পাঁচ নির্বাচনি আধিকারিকের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনে নোটিস জারি করল মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তর। এর আগে সমাজবাদী পার্টি অভিযোগ করেছিল, ওই কেন্দ্রের এক ভোটারের নাম তালিকায় অন্তত দশবার রয়েছে। অভিযোগ ওঠার পরই জেলা নির্বাচনি আধিকারকের কাছে তদন্ত রিপোর্ট চেয়ে পাঠায় সিইও দপ্তর। এক বিবৃতিতে দপ্তর জানিয়েছে, বিকাশ যাদব নামে এক ব্যক্তির নাম ভোটার তালিকায় ১১ বার নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই নোটিস পাঠানো হয়েছে।
সিইও দপ্তর সূত্রে খবর, তদন্তে দেখা গিয়েছে, আজমগড় কেন্দ্রে বিকাশ যাদব নামে ১৩টি ‘এন্ট্রি’ রয়েছে। এর মধ্যে দুটি নাম নিয়মমাফিক ‘ডিলিট’ করা হয়েছে। বাকি এগারো জন আলাদা ব্যক্তি এবং তাঁরা আলাদা গ্রামে বসবাস করেন। আসল যাদব ছাড়া বাকি ১০ জনের নাম ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য ‘ফর্ম এইট’-এর মাধ্যমে আবেদন জমা দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন সেন্টারের কম্পিউটার সহায়ক, বিএলও, তত্কালীন ইআরও এবং সহকারী দুই ইআরও-কে নোটিস পাঠনো হয়েছে। ওই ইআরও এবং সহকারী ইআরও-দের বিরুদ্ধে সরকারি দায়িত্ব
পালনে অবহেলা এবং ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া তদারকির ক্ষেত্রে গাফিলতির অভিযোগ রয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের জন্য চার্জশিট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সিইও দপ্তর জানিয়েছে, আজমগড়ের জেলা নির্বাচনি আধিকারিককে সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা ফের যাচাই করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



