সংবাদদাতা, কান্দি: ভরতপুরে তৃণমূল কর্মী খুনে পুলিস আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত সুরজিৎ মণ্ডলের বাড়ি ভরতপুর থানার শুনিয়া গ্রামে। শনিবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ন’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। আগেই এই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছিল। এনিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ভরতপুরের শেহালই গ্রামে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে(৫৫) খুন করে। কুয়ে নদীর বাঁধের উপর থেকে পুলিস তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনায় মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ সাতজনের নামে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস বৃহস্পতিবার রাতে শুনিয়া গ্রামের ইব্রাহিম শেখ ও কালাম শেখকে গ্রেপ্তার করেছিল। এদিন সুরজিৎকে গ্রেপ্তার করা হয়।