সংবাদদাতা, রঘুনাথপুর: মধ্যরাতে পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা অন্য একটি লরির। যার জেরে ঘটনাস্থলে প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত লরির খালাসি। আহত আরও তিন জন শ্রমিক।

বৃহস্পতিবার মধ্যরাতে সাঁতুড়ি থানার সাধুশালতোড়া মোড়ের কাছে একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, বাঁকুড়া জেলার শালতোড়া থেকে সিমেন্ট বোঝাই লরিটি রঘুনাথপুর গিয়েছিল। সিমেন্ট খালি করার জন্য কয়েকজন শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছিল। সিমেন্ট খালি করে লরিটি শালতোড়া ফিরছিল। মাঝপথে ঘটে যায় দুর্ঘটনা । সাধুশালতোড়া মোরের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরির পিছনে ধাক্কা মারে। তীব্রতা এতো প্রবল ছিল যে দুর্ঘটনাগ্রস্ত লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। লরির মধ্যেই আটকে পড়েন খালাসি। সামনে থাকা তিনজন শ্রমিক গুরুতর জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁতুড়ি থানার পুলিস। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় দুর্ঘটনাগ্রস্থ লরির মধ্যে আটকে থাকা খালাসিকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখম দু’জনকে বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরজনের চিকিৎসা চলছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।