সংবাদদাতা, বালুরঘাট: যাত্রী তোলা নিয়ে দুই গাড়ির রেষারেষি। যার জেরে বেঘোরে প্রাণ গেল একটি গাড়ির কনডাক্টরের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে। দুর্ঘটনায় দুই গাড়ির অনেক যাত্রী জখম হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এদিন সকালে কুমারগঞ্জ থেকে বালুরঘাটের দিকে সাফারি গাড়ি দু’টি আসছিল। উভয় গাড়িতেই যাত্রী ছিলেন। কুমারগঞ্জের বড়ম মোড়ে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী তোলা নিয়ে দুই সাফারির মধ্যে রেষারেষি চলছিল। কে, কার আগে যেতে পারবে, তা নিয়ে চলছিল লড়াই। তার জেরেই একটি গাড়ির সঙ্গে অন্যটির ধাক্কা লাগে। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা কনডাক্টরের। তাঁর নাম সুবির বসাক। বাড়ি কুমারগঞ্জের আঙিনা এলাকায়।
ঘটনাস্থলে এসেছে কুমারগঞ্জ থানার পুলিস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত যাত্রীকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এই সংখ্যা অন্তত ১২ বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।