সংবাদদাতা, তেহট্ট: চতুর্থীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাল্লা দিচ্ছেন আরও চারজন। তেহট্ট থানার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তিন প্রতিবেশীর সঙ্গে গতকাল ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সুজিতকুমার বিশ্বাস। পেশায় করিমপুর পান্নাদেবী কলেজের শিক্ষক সুজিতবাবুর বাড়ি করিমপুরেই। কল্যাণী, বাদকুল্লা সহ বিভিন্ন জায়গায় ঠাকুর দেখার পরে চার চাকা গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন তাঁরা। মাঝ পথে ঘটে যায় দুর্ঘটনা। ভোররাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে তেহট্ট থানার অন্তর্গত ইসলামপুর এলাকায় একটি গাছে ধাক্কা মারে। সেই সময় কাছেই ছিল টহলদারি পুলিশের একটি গাড়ি। ধাক্কার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা।
তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির জখম যাত্রীদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে সুজিতবাবুকে (৪৫) চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে তেহট্ট থানার বেতাই সাধুবাজার এলাকায় যাত্রীবাহী চার চাকার ধাক্কায় মৃত্যু হয় মা ও শিশুপুত্রের।