সংবাদদাতা, চন্দননগর: জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে চন্দননগরের সব রাজপথই কার্যত চলে গিয়েছে দর্শনার্থীদের দখলে। সকাল থেকে রাত— মণ্ডপগুলি উপচে পড়েছে মানুষের ভিড়ে। রাত জেগে চলছে প্রতিমা দর্শন। ভিড় সামলাতে গিয়ে একেক সময় নাজেহাল হতে হয়েছে পুলিশ প্রশাসনকে। স্টেশনে ট্রেন ঢোকার পর ঝাঁকে ঝাঁকে মানুষ নেমে ঢুকেছেন শহরে। যার জেরে মানকুণ্ডু, চন্দননগর স্টেশন রোড বারে বারে অবরুদ্ধ হয়ে পড়ে মঙ্গলবার। এদিন বিভিন্ন খাবারের দোকান, রেস্তরাঁগুলিতেও ঢল নেমেছিল মানুষের। ফাস্ট ফুডের দোকানগুলি খাবারের জোগান দিতে গিয়ে হিমশিম খেয়েছে এদিন।
চন্দননগর স্টেশনের কাছেই রয়েছে খলিসানি সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। তাদের পুজো এবার ৭৮ বছরের পা দিয়েছে। পুজোর থিম ‘জিয়ন কাঠি’। পৃথিবীর জিয়ন কাঠি হল গাছ, এই ভাবনাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। উদ্যোক্তাদের বক্তব্য, গাছকে আমাদের রক্ষা করতেই হবে। বিভিন্ন কাঠি দিয়ে তৈরি বৃত্তই হল পৃথিবী। তার মধ্যে রয়েছে একটি শুকনো গাছ। তাতে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন আকৃতির পাতা। প্রতিমার অপরূপ মূর্তি দর্শনার্থীদের মন জয় করেছে। প্রতিমার সাজসজ্জায় ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রতিমা দর্শনের জন্য মণ্ডপের বাইরে দীর্ঘ লাইন পড়ে দর্শনার্থীদের। একই হাল চন্দননগরের উর্দিবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর। ৬৪ তম বর্ষে তাদের থিম ‘আনন্দ কুম্ভে শিবলিঙ্গ’। আকর্ষণীয় মণ্ডপ ও নজরকাড়া প্রতিমার কারণে লাগামছাড়া ভিড় হয়েছে এখানে। মণ্ডপের প্রবেশদ্বারে রয়েছে বিশাল আকৃতির শিব মূর্তি। রয়েছে একাধিক মুনিঋষির মূর্তি, যা জীবন্ত বলে মনে হয়। মণ্ডপের অন্দরমহলে রয়েছে বিশাল শিবলিঙ্গ। রয়েছে ধ্যানরতা সন্ন্যাসিনী, যে মূর্তি দেখে বিস্মিত হয়েছেন দর্শনার্থীরা। ডাকের সাজে ফুটিয়ে তোলা হয়েছে মহাদেবের বিভিন্ন রূপ। শোলা দিয়েই তৈরি করা হয়েছে শিবের নীলকণ্ঠ, রুদ্র, নটরাজ, পশুপতি, দক্ষিণামূর্তি সহ বিভিন্ন রূপ। শোলার গয়নায় শিবের বিভিন্ন রূপ ফুটে ওঠায় মণ্ডপের সঙ্গে সকলের নজর কাড়ছে প্রতিমাও।
চন্দননগর হাটখোলা মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ আরও একটি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। ৬৫ তম বর্ষে তাদের ভাবনার বিষয়বস্তু হল, মানুষের জীবনকে বয়ে যাওয়া নৌকা। মানুষের জীবন প্রতিদিন আলো, অন্ধকার, সুখ-দুঃখের মধ্যে দিয়ে বয়ে যায়। অন্যদিকে, একটি যাত্রীবাহী নৌকাও ঝড়-বৃষ্টি সহ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে পৌঁছে যায় তার গন্তব্যে। মানুষও ঠিক একইভাবে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে কঠিন লড়াই শেষে পৌঁছায় তাঁর গন্তব্যে। এখানে নৌকাকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করেছেন উদ্যোক্তারা।



