নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট মাসের শেষ সপ্তাহে শ্রীনগরে বাণিজ্য সম্মেলন করতে চলেছে জম্মু ও কাশ্মীরের সরকার। সেখানে বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গের শিল্পপতিদের আহ্বান জানালেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কলকাতায় তাঁর সঙ্গে দেখা করেন উদ্যোগপতিদের একটি দল। তাঁদের ওমর আবদুল্লা আশ্বাস দেন, বিনিয়োগ টানতে সব রকমের সুবিধা দেওয়া হবে শিল্প সংস্থাগুলিকে। অমরনাথ যাত্রার আয়োজনে প্রশাসন বর্তমানে ব্যস্ত থাকার কারণেই আগস্টের শেষ সপ্তাহকে শিল্প সম্মেলনের জন্য বেছে নিয়েছে সরকার—জানিয়েছেন তিনি। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা জানিয়েছেন, এ রাজ্যের পর্যটকরা যাতে কাশ্মীরে আরও বেশি করে বেড়াতে যান, তার প্রচার করতে বণিকসভাগুলিকে আহ্বান জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিগত কয়েক বছরে এরাজ্য থেকেই সবেচেয়ে বেশি পর্যটক গিয়েছেন ভূস্বর্গে।



