নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের ভুল বুঝতে পেরে আদালতে ক্ষমা চাইলেন। তারপর বৃদ্ধ মা-বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন ছেলে সজল দাস। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডলিদেবীও। বুধবার শিয়ালদহ আদালত থেকে মানিকতলার বাড়ি ফিরলেন তাঁরা। সজলের মা শান্তা দাস আদালতে জানান, ছেলের বিরুদ্ধে খোরপোশের মামলা আর চালাতে চান না। ও যে নিজের ভুল বুঝতে পেরেছে, সেটিই আনন্দের। শুনানি শেষে আদালত আর্জি মঞ্জুর করে। বৃদ্ধা বলেন, ‘এই বয়সে আইন আদালত কি ভালো লাগে? বাকি জীবন ভালোয় ভালোয় কাটুক ভগবানের কাছে এটুকুই প্রার্থনা’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে ছেলের বিরুদ্ধে খোরপোশের মামলা করেছিলেন বৃদ্ধা মা। তাঁর অভিযোগ, ছেলে‑বউমা ঠিকমতো দেখাশোনা করেন না বলেই বাধ্য হয়ে তিনি মামলা করেছেন। অভিযোগের আগেই বৃদ্ধ দম্পতি মানিকতলা ছেড়ে রবীন্দ্র সরণিতে মেয়ে‑জামাইয়ের বাড়ি চলে যান। তারপর মামলা হয়। মামলার এক অন্তর্বর্তী রায়ে বাবা‑মাকে প্রতি মাসে আট হাজার টাকা করে দিতে নির্দেশ দেয় আদালত। শুনানি চলাকালীন পেশায় ব্যবসায়ী সজল বাবা‑মাকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেন। আদালতে বিষয়টি জানান। নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চান। বলেন, ‘বাবা‑মাকে অবহেলা করে ঠিক কাজ করেননি। কোনওদিন এই ভুল হবে না।’ বিচারক তাঁকে কড়া ভাষায় সর্তক করে বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন।’



