নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জ্যোতিষীর কাছে ভাগ্য গণনার নামে হোটেলে তুলে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নরম পানীয়তে মাদক মিশিয়ে তরুণীকে বেঁহুশ করা হয়। এরপর তাঁর ওয়ালেট থেকে ৪৪ হাজার টাকাও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় অভিযুক্ত যুবক। তরুণীর অভিযোগের ভিত্তিতে শিবরঞ্জন ঘটক নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে টালিগঞ্জ থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর সঙ্গে মাস ছয়েক আগে অভিযুক্ত যুবকের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফোন নম্বর আদান প্রদানের পর দুজনে কথা হত। এরপর ওই তরুণী টালিগঞ্জ এলাকায় একটি রেস্তরাঁয় দেখা করেন ওই তরুণের সঙ্গে। সেখানে খাওয়াদাওয়া চলার সময় নির্যাতিতা জানতে চান, ওই তরুণের পরিচিত কোনো জ্যোতিষী আছে কি না। কারণ তিনি কিছু সমস্যায় পড়েছেন। সেই কারণে জ্যোতিষীর কাছে যেতে চাইছেন। সঙ্গে সঙ্গে ওই তরুণ বলেন, মালদহে তাঁর এক আত্মীয় আছেন। যিনি জ্যোতিষী হিসেবে দক্ষ। তাঁর কথায় বিশ্বাস করে তরুণী মালদহে যান। সেখানে হোটেলে ওঠেন। ওই হোটেলে জ্যোতিষী বলে পরিচয় দিয়ে একজন দেখা করেন। তিনি চলে গেলে, ওই তরুণীর সঙ্গে একই ঘরে ছিল অভিযুক্ত। রাতে নরম পানীয় দেওয়া হয় তরুণীকে। সেটি খেয়ে তিনি বেঁহুশ হয়ে পড়লে তরুণীকে ধর্ষণ করে অভিযুক্ত। তিনি সকালে উঠে বিষয়টি জানতে পারেন। এরপর অভিযুক্ত বলে এটি বাইরে বলার দরকার নেই। তাঁকে বিয়ে করবেন। তরুণী রাজি হন। এরপর টালিগঞ্জ এলাকার একটি হোটেলে নিয়ে এসে ওই তরুণ আবার একই কায়দায় তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর তাঁর মোবাইলের ওয়ালেট থেকে টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন বলে দাবি তরুণীর। এরপর থেকে ওই তরুণ যোগযোগ বন্ধ করে দেন। প্রতারিত হয়েছেন বুঝে, তরুণী চলতি মাসের শুরুতে অভিযোগ করেন টালিগঞ্জ থানায়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় শুক্রবার রাতে। তরুণীর মেডিকো লিগ্যাল টেস্ট করানো হয়েছে।