নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহিদ বেদির পাশে টাঙানো পতাকা খোলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয় হাওড়ার শিবপুর বাজার এলাকায়। শিবপুর রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনেই দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকাল পর্যন্ত সিপিএমের ওই অফিসের সামনে পুলিশ মোতায়েন ছিল।
বিজেপির মধ্য হাওড়ার ৪ নম্বর মণ্ডলের সভাপতি শুভ্রদীপ দত্তের অভিযোগ, ওখানে শহিদ বেদির পাশে লাগানো বিজেপির পতাকা খুলে পায়ে দলে দেন সিপিএম কর্মীরা। এলাকার এক বিজেপি সমর্থক ঘটনাটির ভিডিয়ো করেন। পরে তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বিজেপির নেতা-কর্মীরা মিছিল করে সিপিএমের অফিসের সামনে গিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পতাকা অবমাননার অভিযোগে শিবপুর থানায় সিপিএমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান শুভ্রদীপ। পাল্টা সিপিএমের হাওড়া জেলা কমিটির সদস্য তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদের দাবি, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্বাধীনতা সংগ্রামী কমরেড জীবন মাইতির শহিদ স্মরণ উপলক্ষ্যে শুক্রবার রাতে দলীয় কার্যালয়ের সামনে পতাকা লাগানো হয়েছিল। পরে প্রায় একশো বিজেপি নেতা-কর্মী সেখানে এসে সিপিএমের পতাকা খুলে বিজেপির পতাকা লাগান। থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি বিজেপির পতাকাগুলি খুলে পুলিশকে জমা দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। শনিবার জীবন মাইতির স্মরণসভাও করা হয়। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।