নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়রের পর এবার প্রাক্তন কাউন্সিলার। আয় বহির্ভূত সম্পত্তির খোঁজে বিশেষ তদন্ত কমিশনের স্ক্যানারে ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অলকানন্দা দাস। শনিবার বেলেঘাটায় তাঁর বাড়ি অভিযান চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। ওই বাড়ি সংক্রান্ত কিছু নথিপত্র তাঁর কাছ থেকে চাওয়া হয় বলে সূত্রের খবর।
এদিন দুপুরে তদন্ত কমিশনের তিন সদস্যের একটি টিম যায় বেলেঘাটায় প্রাক্তন কাউন্সিলারের বাড়ি। অভিযোগ, ওই বাড়ির কোনো নথিপত্র কলকাতা পুরসভার কাছে নেই। বাড়ির ট্যাক্সের কোনো তথ্য জানে না পুরসভা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই কমিশন যায়। উল্লেখ্য আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারক বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিশন। তদন্তকারী সূত্রে খবর, বেলেঘাটার এই বাড়িটি আয় বহির্ভূত সম্পত্তি বলে অভিযোগ আছে। সেই সম্পত্তির খোঁজেই শনিবার অভিযান চলেছে। অলকানন্দার সম্পত্তির উৎস, দুর্নীতির সঙ্গে তাঁর কোনো যোগ আছে কি না, দুর্নীতির টাকায় সম্পত্তি কেনা হয়েছে কি না এসব কিছু খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার টালিগঞ্জ সার্কুলার রোডে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের মালিকানাধীন দু’টি কারখানায় হানা দিয়েছিলেন তদন্তকারীরা। অভিযোগ, টালিগঞ্জ সার্কুলার রোডে একটি কেমিক্যাল কারখানা ও একটি মার্বেল কারখানার জমি বেআইনিভাবে দখল করা হয়েছিল। সেই অভিযোগ যাচাই করতেই কমিশন গিয়েছিল। দু’টি কারখানায় গিয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করেন আধিকারিকরা। উল্লেখ্য রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূল নেতা ও কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্নরকম অভিযোগ প্রকাশ্যে আসছে। গ্রেপ্তারও হয়েছেন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি।