নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিন হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে গাড়ি চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। এই তিনদিন বেলা ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত দেশের অন্যতম ব্যস্ত স্টেশনের এই পথে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনে যাত্রীদের ওঠা-নামা মসৃণ করতেই এই সিদ্ধান্ত। ভিড় নিয়ন্ত্রণে রেল বোর্ডের পরামর্শ, দেশের গুরুত্বপূর্ণ ও বড়ো স্টেশনগুলিতে অপেক্ষমাণ যাত্রীদের জন্য বিশেষ হোল্ডিং এরিয়া করতে হবে। সেই মতো হাওড়া স্টেশনে হোল্ডিং এরিয়া থেকে প্ল্যাটফর্মে যাওয়ার পথ ‘কণ্টকমুক্ত’ করতে পুরানো ক্যাবওয়েতে গাড়ি ঢোকা-বেরনো নিয়ন্ত্রিত হবে।
দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি— উৎসবের মরশুমে বহু মানুষ বেড়াতে যান। বছরের এই সময় ট্রেনের টিকিটের চাহিদা সব থেকে বেশি থাকে। ওয়েটিং লিস্টের তালিকা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। অতিরিক্ত যাত্রীদের জন্য ভারতীয় রেল এই সময়ে গুচ্ছ গুচ্ছ স্পেশাল ট্রেন চালায়। এবছর স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বেড়েছে। ভবিষ্যতে হাজার হাজার যাত্রীর ভিড়ের সামলাতে হাওড়া স্টেশনে বিশেষ ব্যবস্থা কার্যকর হতে চলেছে। তারই কাজ চলছে এখন। সেকারণেই ওল্ড ক্যাবওয়ে তিনদিন নির্দিষ্ট সময় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।



