Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অফস্ক্রিনের পর্দা ফাঁস

মোনালিসা নাকি মোনা ম্যাডাম কী বলে ডাকেন একতাকে?

অফস্ক্রিনের পর্দা ফাঁস
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘কম্পাস’ এবং ‘মোনা ম্যাডাম’। এই দু’জনকে আপনারা চেনেন। সৌজন্যে স্টার জলসার ধারাবাহিক ‘কম্পাস’। কিন্তু চরিত্রের আড়ালে থাকা দুই অভিনেত্রী পর্ণা চক্রবর্তী এবং একতা গঙ্গোপাধ্যায় আসলে কেমন? একান্ত আড্ডায় উঠে এল নানা কথা।

Advertisement

 মোনালিসা নাকি মোনা ম্যাডাম কী বলে ডাকেন একতাকে?
পর্ণা: আমার বরকে যখন বিরক্ত করে, তখন মোনা ম্যাডাম বলেই ডাকি। আর খুব রেগে গেলে নাম ধরে ডাকি, মোনালিসা। আমাদের অফস্ক্রিন প্রচুর চুলোচুলি হয়, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে, নিজের দিদির মতো।
একতা: যাঁরা ‘কম্পাস’ দেখেন, তাঁদের সঙ্গে কোথাও দেখা হলে বলেন, টিভি দেখার সময় তোমাকে খুব গালাগালি করি।  
পর্ণা: (একতাকে দেখিয়ে) তাতে ওর কোনো দুঃখ নেই।
• পর্ণা, আপনি তো সাংবাদিক হতে চাইতেন? 
পর্ণা: আসলে অভিনেত্রী হব, এটাই আমার পরিকল্পনা ছিল। বাকি যা যা হয়েছে সবই পরিবারের ইচ্ছে। আমি ভূগোল নিয়ে পড়তাম। বাবা বললেন, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা কর। পড়তে শুরু করার পর ভালো লেগে গিয়েছিল।
• একতার কি পরিকল্পনা করে অভিনয় শুরু?
একতা: আমি পড়াশোনায় ভালো ছিলাম। পাশাপাশি এক্সট্রা কারিকুলারেও খুব আগ্রহ ছিল। একবার শ্যুটিং দেখার বায়না করেছিলাম। বাবা নিয়ে এসেছিলেন। তখন একজন কাস্টিং ডিরেক্টরের চোখে পড়ি। তারপর থেকে কাজ চলছে। ১২-১৩ বছর হয়ে গেল। 
• ‘কম্পাস’ দেখে দর্শকের কোনো অদ্ভুত মন্তব্য শুনেছেন?
পর্ণা: আমার চুল নিয়ে দর্শকের সমস্যা ছিল প্রথমে। অনেকেই বলতেন, ‘ব্যাটাছেলের মতো লাগছে। এ চলবে না, বাতিল’। সেসব মন্তব্য আমার মধ্যে খুব প্রভাব ফেলত। আমি সকলকে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাকে কি খুব বাজে লাগছে দেখতে? সবাই বলত, ভাবিস না। ঠিক হয়ে যাবে। দু’মাস পর থেকে খেলা ঘুরে গেল। সকলের এই লুকটাই ভালো লাগল।
• আর আপনি?
একতা: আমি চরিত্র নিয়ে নানা কথা শুনেছি।
পর্ণা: ‘রেডি টু মিঙ্গল উইথ অন্যের বর’— ধারাবাহিকে এটা আমারই সংলাপ ছিল। এটাই ওকে বাস্তবে শুনতে হয় (হাসি)।
একতা: আমার মনে হয় কিছু দর্শক রিল এবং রিয়েল গুলিয়ে ফেলেন। তাঁরা ভাবেন, চরিত্র যেমন, আসলে মানুষটাও হয়তো তেমনই। আমি তো সবসময়ই চাই, মানুষ আমাকে কাজ দিয়ে চিনুক। আমার ব্যক্তিগত জীবন দিয়ে নয়।
• চরিত্রের সঙ্গে বাস্তবের মিল কি একেবারেই থাকে না?
একতা: আমার ক্ষেত্রে নেই। কিন্তু ‘কম্পাস’ মানে পর্ণা কিন্তু রিল, রিয়েলে একই মানুষ। ওকে টিভিতে যেভাবে কথা বলতে দেখেন, যা দুষ্টুমি করতে দেখেন, ও আসলে সেরকমই। 
• নিজেদের সম্পর্কে শেষ কোন গসিপ শুনেছেন?
পর্ণা: একদিন শুনলাম, আমি খাই বেশি। সেটা সত্যি (হাসি)। ঠিকই রটেছে। আর একদিন শুনলাম আমি অভিনয় করতে পারি না। অনেক এনজি শট হয়। এসব শুনলে ইগনোর ছাড়া আর কী বা করব?
একতা: আমি প্রাইভেট পার্সন। ইন্ডাস্ট্রির ভিতরে কিছু শুনিনি। কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করি বলে সাধারণ দর্শকের আমার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। সেটা হল, সিঙ্গল পুরুষের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। যিনি কোনো সম্পর্কে রয়েছেন, আমার তাঁর প্রতিই আকর্ষণ তৈরি হয় (হাসি)। 
স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ