Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অডিটোরিয়াম নেই, সমস্যায় পুরাতন মালদহের শিল্পীরা

অডিটোরিয়াম নেই, সমস্যায় পুরাতন মালদহের শিল্পীরা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: দেড়শো বছরের বেশি পুরনো শহর হলেও অডিটোরিয়াম বানাতে পারেনি পুরাতন মালদহ পুরসভা। ফলে সবচেয়ে  বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যও সাধারণ মানুষের পাশাপাশি তাঁদের ভরসা পাশের ইংলিশবাজার শহরের অডিটোরিয়াম। 
Advertisement
অডিটরিয়াম না থাকায় শহরের একাধিক হাইস্কুল, বেসরকারি স্কুল এবং রাজনৈতিক দলও বড় অনুষ্ঠান করতে পারে না। ডেকরেটর দিয়ে অস্থায়ী মঞ্চ বানাতে খরচ অনেকটাই পড়ে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন সংস্কৃতিপ্রেমীরা। হতাশ শহরবাসীও।
ইংলিশবাজার এবং পুরাতন মালদহ দুটি পাশাপাশি শহর। দুটি শহরই শতাব্দী প্রাচীন। জেলা সদর ওই পুরসভায় একাধিক অডিটোরিয়াম গড়ে উঠেছে। অভিযোগ, পুরাতন মালদহে অডিটোরিয়াম না থাকায় নাট্য চর্চা এগিয়ে যাচ্ছে না। শিল্পীরা শহরে উন্নত অডিটোরিয়াম গড়ার দাবি জানিয়েছেন। 
পুরাতন মালদহ পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, অডিটোরিয়ামের জন্য জমির খোঁজ শুরু হয়েছে। আগামী দিনে শহরে উন্নতমানের অডিটোরিয়াম হবে। পুরাতন মালদহের গম্ভীরা শিল্পী গোষ্ঠীর গায়ক অখিল সাহা বলেন, আমরা গম্ভীরা শিল্পী, অনেক নাট্য গোষ্ঠী রয়েছে। কিন্তু শহরে সেগুলি মঞ্চস্থ করার জায়গা নেই। বাড়ির ছাদে রিহার্সাল দিতে হয়। আগেও পুরসভাকে অডিটোরিয়ামের জন্য বলেছি।
একই বক্তব্য বাচামারি জিকে হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত ঘোষেরও। তাঁরও বক্তব্য, শহরে একটা অডিটোরিয়াম খুবই দরকার। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, শহরের সদরে একাধিক জায়গা দেখা হয়েছে, তার মধ্যে কোনও জায়গায় শীঘ্রই অডিটোরিয়াম হবে। 
সম্পর্কিত সংবাদ