নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বর্ষা মরশুমে এখনো পর্যন্ত সারা দেশের মধ্যে ওড়িশা ও মহারাষ্ট্রের একাংশে দীর্ঘকালীন গড়ের তুলনায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ দুই স্থানেই ২৭ শতাংশ বেশি। তবে বৃষ্টির পরিমাণের নিরিখে মহারাষ্ট্রের চেয়ে অনেকটাই এগিয়ে ওড়িশা (৮৬২ মিমি)। আবহাওয়াবিদরা বলছেন, জুলাই থেকে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত চারটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেগুলির গতিপ্রকৃতিই ওড়িশায় অধিক বৃষ্টির কারণ। মধ্য ভারতেও বেশি বৃষ্টি হয়েছে একই কারণে। দেশের চারটি আবহাওয়াগত অঞ্চলের মধ্যে মধ্য ভারতে গড়ের তুলনায় সর্বাধিক বৃষ্টি হয়েছে। এবার গুজরাতেরও একটা অংশে অতিরিক্ত বর্ষণ হয়েছে। তবে তা ওড়িশার তুলনায় অনেক কম।
আগামীকাল বুধবার নাগাদ পশ্চিমবঙ্গ-ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে ফের যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে ওড়িশায় বৃষ্টি বাড়বে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার অবশ্য বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। চড়া রোদ ওঠার ফলে বেড়েছে তাপমাত্রা। বেশ কিছুদিন পর কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা (৩৩.২ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল। কলকাতায় সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ-সিকিমে বৃষ্টি এখনো স্বাভাবিক। এই দুটি এলাকায় বৃষ্টি হয়েছে যথাক্রমে ৭১১ ও ১২০৯ মিমি। সম্প্রতি অসমে ভয়াবহ বন্যা হলেও ওই রাজ্যে ও মেঘালয়ে সার্বিকভাবে কিন্তু বৃষ্টির ঘাটতি আছে। সেখানে গড়ের তুলনায় ৩৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে।