Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট-রোহিতের জন্য জৌলুস ফিরেছে ওয়ান ডে ক্রিকেটে, এ বছর দেশের জার্সিতে অন্তত ১৫টি ম্যাচ খেলবেন দুই মহাতারকা

ওয়ান ডে ক্রিকেট নাকি জৌলুস হারিয়েছে! ৫০ ওভারের ম্যাচ দেখার ধৈর্য কমেছে দর্শকদের। কথাটা একদম ভুল নয়।

বিরাট-রোহিতের জন্য জৌলুস ফিরেছে ওয়ান ডে ক্রিকেটে, এ বছর দেশের জার্সিতে অন্তত ১৫টি ম্যাচ খেলবেন দুই মহাতারকা
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ওয়ান ডে ক্রিকেট নাকি জৌলুস হারিয়েছে! ৫০ ওভারের ম্যাচ দেখার ধৈর্য কমেছে দর্শকদের। কথাটা একদম ভুল নয়। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার সৌজন্যে ভারতের ওডিআই জগতে এখন উলটপুরাণ। দুই মহাতারকা টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁরা এখন একমাত্র একদিনের ফরম্যাটেই খেলেন। শুধু খেলেন বললে ভুললে হবে, রীতিমতো দাপট দেখাচ্ছেন উভয়েই। আর রো-কো’র টানেই প্রতি ম্যাচে গ্যালারি ভরছেন দর্শকরা। তাই বললে ভুল হবে না যে, রোহিত-বিরাটের জন্যই ফের জৌলুস ফিরছে ওডিআই ক্রিকেটের। অনুরাগীদের জন্য সুখবর, ২০২৬ সালেও দেশের জার্সিতে অন্তত ১৫টি ম্যাচ খেলবেন দুই মহারথী। তাছাড়া আইপিএলও রয়েছে। সবমিলিয়ে প্রায় ২৯-৩০টি ম্যাচে তাঁদের দেখা যাবে।

Advertisement

গত বছরটা কোহলির জন্য মন্দ যায়নি। দীর্ঘ কেরিয়ারে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিলেন ভিকে। তবে দেশের জার্সিতে এসেছে অনেক চড়াই উতরাই। বর্ডার-গাভাসকর ট্রফির পরই টেস্ট থেকে অবসর নেন। কেবলমাত্র একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। সেখানেও সমস্যা দেখা দিয়েছিল। অস্ট্রেলিয়া সফরে পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর তাঁর ভবিষ্যৎ ঘিরে ঘোর আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ, প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর জুনিয়রদের প্রাধান্য দেওয়ার পক্ষপাতী। কিন্তু কোহলি সহজে হার মানার পাত্র নন। বরাবরই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভালোবাসেন। অজিদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বড় রান করে নিন্দুকদের জবাব দিতে ভুল হয়নি তাঁর। আর পরের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তো রীতিমতো রানের বন্যা বইয়েছেন ভিকে। তিন ইনিংসের দু’টিতে সেঞ্চুরি। সেখানেই ক্ষান্ত হননি। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে নেমেও সমান আক্রমণাত্মক দেখায় তাঁকে। বিজয় হাজারে ট্রফিতে দুই ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি হাঁকান দিল্লির জার্সিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধেও মাঠে দেখা যাবে বিরাটকে। তারপরই জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি। কারণ ১১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। 
রোহিতের অবশ্য গত বছরের শুরুটা ভালো হয়নি। খারাপ পারফরম্যান্সের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে বেঞ্চে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে টেস্ট থেকে অবসরও নেন। এখানেই শেষ নয়। ওডিআই দলের নেতৃত্বও কেড়ে নেওয়া হয় রোহিতের থেকে। হিটম্যান অবশ্য হাল ছাড়ার মানুষ নন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে শতরান হাঁকিয়ে বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে তিন অঙ্কের রান। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতেও উপহার দিয়েছেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেও ছন্দ ধরে রাখতে প্রত্যয়ী হিটম্যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ