Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অধরা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাজ্যসড়ক অবরোধ হবিবপুরে

অধরা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাজ্যসড়ক অবরোধ হবিবপুরে
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: বধূকে ‘খুনের’ অভিযোগে তাঁর স্বামী ও ভাসুর গ্রেপ্তার হলেও এখনও অধরা আর এক অভিযুক্ত মৃতার জা। বধূর মৃত্যুর প্রায় দেড় মাস কেটে গেলেও এখনও আরেক অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ মৃতার পরিবার। সোমবার পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মালদহ-নালাগোলা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃত বধূর মা সহ স্থানীয় বাসিন্দারা। হবিবপুর ব্লকের এগারো মাইল এলাকার ঘটনা। ঘণ্টা খানেকের অবরোধে রাজ্যসড়কে ব্যাপক যানজট লেগে যায়। ভোগান্তিতে পড়েন গাড়িচালক থেকে যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হবিবপুর থানার পুলিস। পুলিসের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন। 
Advertisement
দেড় বছর আগে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীর মনোহরপুর এলাকার গোপাল সাহানির সঙ্গে বিয়ে হয় অনীষা চৌধুরীর। বিয়ের পরই পরিবারে অশান্তি শুরু হয়। ভাসুর ও জার সঙ্গে অনীষার প্রায় ঝগড়া লাগত বলে পরিবার সূত্রে খবর। ঝগড়া লাগলেই স্বামীও অনিষাকে মারধর করতেন বলে অভিযোগ। গত ১৯ সেপ্টেম্বর হাসপাতালে বধূটির মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, গলায় গামছা পেচিয়ে মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। এনিয়ে থানায় তিনজনের নামে খুনের অভিযোগ দায়ের হয়। দু’জন গ্রেপ্তার হয়। একজন এখনও অধরা। অভিযুক্ত বধূর জাকে গ্রেপ্তারের দাবিতেই এদিন অবরোধে শামিল হন মৃতার মাও। দুই ধৃতেরও কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বধূর মা রমিত চৌধুরী এদিন কাঁদতে কাঁদতে বলেন, মেয়েটিকে মেরেই ফেলল তারা। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। দুজন ধরা পড়লেও একজনকে এখনও গ্রেপ্তার করেনি পুলিস। হবিবপুর থানার পুলিস অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ