Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে খুলল নবদ্বীপের তিওরখালি সমবায় সমিতি

অবশেষে খুলল নবদ্বীপের তিওরখালি সমবায় সমিতি
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: বহুদিন বন্ধ থাকার পর তিওরখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতি খুলে গেল। এই সমবায় নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক অনুমোদিত। সোমবার ফিতে কেটে ওই সমিতির উদ্বোধন করেন নবদ্বীপের বিডিও মণীশ নন্দী ও পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। সেখানে নবদ্বীপ ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর রমেন সরকার, নদীয়া জেলা পরিষদের  উপাধ্যক্ষ অজয়কুমার কর সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
বিমানকৃষ্ণবাবু বলেন, এলাকাবাসী এবং কৃষকদের স্বার্থে বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।
১৯৬৭ সালের ১৬মে থেকে এই সমবায় সমিতি কাজ করছিল। কৃষকরা এখান থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেতেন। কিন্তু বিভিন্ন কারণে ২০১৮সাল থেকে এখানে পরিষেবা বন্ধ হয়ে যায়। মূলত নবদ্বীপের বিধায়কের উদ্যোগে ফের এই সমবায় সমিতি চালু হল। এখানে ২০০৯-’১০ সালে শেষবার অডিট হয়েছিল। ২০১৮ পর্যন্ত সমবায় ব্যাঙ্ক খোলা থাকলেও কোনও লেনদেন হয়নি। শুধু রেশনিং পরিষেবা চালু ছিল।
এদিন পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিষেবা চালু করা হবে। ফের সমবায় কৃষি উন্নয়ন সমিতি খুলে যাওয়ায় খুশি স্থানীয় গ্রামবাসীরা।
নবদ্বীপ ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর রমেন সরকার বলেন, এখানকার বিশিষ্ট মানুষের উদ্যোগে ও স্থানীয়দের সহায়তায় ফের সমিতি শুরু হচ্ছে। প্রচুর জটিলতা ছিল। প্রথমত, এখানে ১০-১২বছরের অডিট পেন্ডিং ছিল। বহুদিন বন্ধ থাকায় সমবায়ের ভবনের খারাপ অবস্থা ছিল। স্থানীয়দের নিয়ে একটা নমিনেট বোর্ড তৈরি করা হয়েছে। তাঁদের সহায়তায় ভবন নতুন করে সাজানো হয়েছে। ভবিষ্যতে আমরা এখানে কোর ব্যাঙ্কিং পরিষেবা চালু করব।
সম্পর্কিত সংবাদ