সংবাদদাতা, রঘুনাথপুর: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য ও কারিগরি (পিএইচই) দপ্তর সচেতন হয়েছে। গ্রামে গ্রামে অবৈধ জল সংযোগ বন্ধ করতে আধিকারিকরা সচেষ্ট হয়েছেন। থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। শুক্রবার আদ্রা, পাড়া এবং রঘুনাথপুর তিনটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পিএইচই দপ্তরের তরফে জানানো হয়েছে, তাদের সরবরাহ করা জল মূল পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি বাড়িতে টেনে নিচ্ছে। যার ফলে বর্তমানে পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। সাধারণ মানুষ ট্যাপ থেকে জল পাচ্ছে না। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।



