সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার রঘুনাথপুর মহকুমার বিদ্যুৎ দপ্তর কয়েকটি থানার এলাকার বেশ কয়েকটি গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে নেমে বিদ্যুৎ দপ্তর নিতুড়িয়া, রঘুনাথপুর, আদ্রা, সাঁওতালডিহি থানার মোট সাতজনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ জানায়। ৭ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া থানা এলাকার তিনজন, সাঁওতালডিহি থানা এলাকায় দুজন, আদ্রা ও রঘুনাথপুর থানা এলাকায় একজন করে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অভিযুক্তদের মোটা টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকা দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



