Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ন্যাকের মূল্যায়নে বি-গ্রেড পেল রানি ইন্দ্রাদেবী মহিলা মহাবিদ্যালয়

ন্যাকের মূল্যায়নে বি-গ্রেড পেল রানি ইন্দ্রাদেবী মহিলা মহাবিদ্যালয়
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের নামী শিক্ষা প্রতিষ্ঠান রানি ইন্দ্রাদেবী সরকারি মহিলা মহাবিদ্যালয়। জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ। ন্যাকের প্রথম সার্কেলের বিচারে বি-গ্রেড অর্জন করেছে।
Advertisement
রানি ইন্দিরাদেবী মহিলা মহাবিদ্যালয়ের পথ চলা শুরু ২০১৪ সালে। প্রথমে ঝাড়গ্রাম রাজ কলেজ (গার্লস উইং) নাম ছিল। পরবর্তীতে ২০২৩ সালে নতুন নামকরণ করা হয়। পঠনপাঠনের মানদন্ডে এই কলেজ প্রথমসারিতে জায়গা করে নিয়েছে। ন্যাকের (ন্যাশানাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল) বিচারে সর্বোচ্চ মোট সূচকের মধ্যে ২.৩৯ সূচক পেয়েছে। প্রথমবারেই এই সাফল্য পেয়ে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা খুশি। ডিসেম্বর মাসে ন্যাকের তিন প্রতিনিধি কলেজ পরিদর্শন আসেন।  প্রতিনিধি দলের নেতৃত্বে মধ্যপ্রদেশের মহর্ষি পানিনি সংস্কৃত ও বৈদিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিজি বিজয় কুমার ছিলেন। এছাড়াও পরিদর্শন দলে কর্ণাটকের রানি চান্নাম্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কমলাক্ষ্মী জি তাডাসাড, লখনউয়ের কেরিয়ার কনভেন্ট গালর্স ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ দীপক কুমার শ্রীবাস্তব ছিলেন। পরিদর্শকেরা কলেজের গ্রন্থাগার, প্রত্নতাত্ত্বিক ও লোকসংস্কৃতির সংগ্রহশালা পরিদর্শন করেন। 
এছাড়াও ছাত্রীদের হস্তশিল্প সামগ্রী প্রদর্শনশালা, কলেজের প্রশাসনিক ও উদ্যানবিভাগ পরিদর্শন করেন। কলেজে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাটি গড়ে তোলা হয়েছে। ঝাড়গ্রাম জেলার প্রত্নতাত্ত্বিক ও নির্দশনের ছবি ও তালিকা দিয়ে সংগ্ৰহশালা সাজানো হয়েছে। কলেজের তরফে পুকুরিয়া গ্রামে, প্রান্তিক লোধা শবরদের জন্য অবৈতনিক চুনী কোটাল পাঠশালা চালানো হয়। কলেজের প্রাক্তন ছাত্রীরা ওই স্কুলে পড়ান। কলেজের অধ্যাপকরাই পরিচালনার দায়িত্ব আছেন। ভারপ্রাপ্ত অধ্যাপক সুশীল কুমার বর্মন বলেন, ন্যাকের প্রথমবার পরিদর্শনে এই সাফল্য এসেছে। গ্ৰেড আরও বেশি হওয়ার প্রত্যাশা ছিল। কলেজের প্রত্নতাত্ত্বিক, লোকসংস্কৃতি, ছাত্রীদের হস্তশিল্পের প্রদর্শনশালা ও পুকুরিয়া গ্রামে লোধা সদর পাঠশালা পরিদর্শন করে ন্যাকের প্রতিনিধিরা প্রশংসা করেছেন।
সম্পর্কিত সংবাদ