রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে নিরক্ষর প্রার্থীর সংখ্যা বাড়ল
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রের ভোটে ১৬ জন প্রার্থী নিজেদের নিরক্ষর অর্থাৎ অক্ষরজ্ঞানহীন বলে ঘোষণা করেছেন। প্রথম দফার ১৫২টি আসনের ভোটে নিরক্ষর প্রার্থীর সংখ্যা ১৪। দ্বিতীয় দফার ভোটে ৩৯ জন প্রার্থী নিজেদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র লিটারেট বা অক্ষরজ্ঞানসম্পন্ন বলে জানিয়েছেন। প্রথম দফার ভোটে এমন প্রার্থীর সংখ্যা ছিল ২৯। অর্থাৎ দ্বিতীয় দফায় নিরক্ষর এবং সামান্য অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীর আনুপাতিক হার বেশি!

Advertisement

মনোনয়পত্রের সঙ্গে প্রদত্ত হলফনামায় বিভিন্ন বিষয়ের মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার তথ্যও জানাতে হয়। প্রার্থীদের সম্পর্কে ভোটারদের অবগত করার জন্য নির্বাচন কমিশন সেগুলি প্রকাশ করে। হলফনামাগুলি বিশ্লেষণের ভিত্তিতে সোমবার দ্বিতীয় পর্বের ভোটপ্রার্থীদের উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। এই তথ্য সেখান থেকেই প্রাপ্ত। 
ওই সূত্রে আরো জানা যাচ্ছে, দ্বিতীয় দফায় ৬৪৬ জন বা ৪৫ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে। ৭২১ জন বা ৫০ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার ঊর্ধ্বে। ২০ জন প্রার্থী ডিপ্লোমাধারী। প্রথম দফায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা ছিল ৭০৮ জনের।  স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীর সংখ্যা ছিল ৬৯৮। আর ডিপ্লোমাধারী প্রার্থী ছিলেন ২৬ জন।