Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন উপাচার্যের অপেক্ষায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়

নতুন উপাচার্যের অপেক্ষায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: পথচলা শুরুর পর এই প্রথম আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল। কিন্তু কবে উপাচার্য কাজে যোগ দেবেন তা অবশ্য নির্দিষ্ট করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্যের ফোন নম্বর দিতে না পারায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শীঘ্রই নয়া উপাচার্য শরিৎকুমার চৌধুরী এখানে আসবেন। অরুণাচলপ্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। স্থায়ী উপাচার্য সমস্যা মিটে যাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই উদ্ভূত নানা সমস্যা নিয়ে উপর মহলে তদ্বির করার সুযোগ মিলবে, এমনটাই মনে করছে শিক্ষামহল। 
Advertisement
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কুমার বাসনেট বলেন, স্থায়ী উপাচার্য নিয়োগের নোটিফিকেশন হয়েছে। আশা করছি, শরিৎকুমার চৌধুরী খুব শীঘ্রই কাজে যোগ দেবেন। 
২০১৮ সালে বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ হয়েছিল। তার ঠিক দু’বছর পর ২০২০ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চালু হয়। কিন্তু শুরু থেকেই এই বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের সমস্যায় ধুঁকছে। আজও পঠনপাঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরির অর্থ বরাদ্দ হয়নি। আলিপুরদুয়ার কলেজেই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চলছে। আলিপুরদুয়ার কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আজও বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়নি। ফলে বদলি বা অবসরের ক্ষেত্রে কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে।  
কলেজের কোনও শিক্ষক বদলি বা অবসর নিলে তিনি কলেজ না বিশ্ববিদ্যালয় কোথা থেকে অবসর নিচ্ছেন বা বদলি হচ্ছেন তা তাঁরা বুঝতে পারছেন না। এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থাকলেও অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ হয়নি। চালু হয়নি হোটেল ম্যানেজমেন্ট, টি-ট্যুরিজম সহ বেশকিছু প্রস্তাবিত কোর্স। বর্তমানে অস্থায়ী উপাচার্য, একজন অস্থায়ী ফিনান্স অফিসার ও একজন অস্থায়ী স্পেশাল অফিসার দিয়েই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই বিশ্ববিদ্যালয়ে স্থানীয় চারটি আঞ্চলিক ভাষায় পঠনপাঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ওসব আঞ্চলিক ভাষার পঠনপাঠনও আজও চালু হয়নি। 
বর্তমানে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বে রয়েছেন রথীন বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপাল মনোনীত। স্থায়ী উপাচার্যের সমস্যা মিটতে চলায় এবার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নয়া উপাচার্য তদ্বির করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ