সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে নিতুড়িয়ার গোবাগ এলাকার একটি মাঠে সভা হয়। জেলা সভাপতি সুভাষ মাহাত, রাজ্য সভানেত্রী গীতা মোদক প্রমুখ বক্তব্য রাখেন। সভা থেকে আগামী দিন আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। জানানো হয়, রঘুনাথপুর থানার লছমনপুর এলাকায় নবনির্মিত স্টিল কারখানায় স্থানীয় ও জমিহারারা কাজ পাচ্ছে না। কারখানার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা কম টাকা দিয়ে বাইরের শ্রমিকদের খাটাচ্ছে। এলাকায় দূষণ বাড়ছে। স্থানীয়দের কাজের দাবিতে ও দূষণ নিয়ন্ত্রণে আগামী দিনও দল আন্দোলন করবে।
Advertisement
গীতাদেবী বলেন, ওই কারখানাজুড়ে সিন্ডিকেট রাজ শুরু হয়েছে। যাদের জমি যায়নি, তারা সেখানে কাজ পেয়েছে। অথচ জমিহারারা কাজ না পেয়ে পথে বসেছে। তাই আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করেছি। আগামী দিন জেলা থেকে রাজ্যের সমস্ত দপ্তরে এলাকার সমস্যা নিয়ে আমরা লিখিত অভিযোগ জানাব। আমরা শিল্পের বিরুদ্ধে নই, শিল্পের পক্ষে। এলাকায় শিল্প হোক। তবে প্রকৃত মানুষজন কাজ পাক, আমরা সেটা চাই।



