Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নারীচালিত প্রকল্প প্লাস্টিক ব্যাঙ্ক

নারীচালিত প্রকল্প প্লাস্টিক ব্যাঙ্ক
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
প্লাস্টিক বর্জন এখন সারা পৃথিবী জুড়েই এক বড় প্রকল্প। ক্রমশ তার বিভিন্ন উপায় তৈরি করা হচ্ছে। প্লাস্টিক বর্জন জোরদার করতে এক অভিনব প্রয়াস নিয়েছে হৃষীকেশ পুরসভা। ‘প্লাস্টিক ব্যাঙ্ক’ চালু হয়েছে এই তীর্থক্ষেত্রে। এই বিষয়ে উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, আজও ভারতবাসী তীর্থের টানে এক জায়গা থেকে অন্যত্র যান। তীর্থস্থানে পর্যটকের ভিড় তাই অন্যান্য ভ্রমণক্ষেত্রের চেয়ে বেশি। হৃষীকেশও এর ব্যতিক্রম নয়। এখানে প্লাস্টিকের প্যাকেট ও বোতল প্রচুর পরিমাণে ফেলে যান পর্যটকরা। আর সেই প্লাস্টিক জমতে জমতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিকাশি ব্যবস্থা, বাড়ছে পরিবেশ দূষণ। এই ক্ষতি আটকাতে পুরসভা ফেলে দেওয়া প্লাস্টিক পুনঃব্যবহার করতে উদ্যোগী হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্লাস্টিক ব্যাঙ্ক’। এটি সম্পূর্ণই মহিলাচালিত একটি প্রকল্প। এতে দু’ভাবে লাভ হচ্ছে, প্রথমত পরিবেশ দূষণ আটকানো যাচ্ছে, দ্বিতীয়ত নারী ক্ষমতায়ন সম্ভব হচ্ছে। মেয়েরা প্রথমে আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক কুড়িয়ে আনছেন, তারপর তা দিয়ে নানারকম জিনিস বানাচ্ছেন। কখনও প্লাস্টিকের সাহায্যে দড়ি তৈরি করা হচ্ছে, কখনও বা সেই দড়ি দিয়ে ব্যাগ বানানো হচ্ছে। এগুলো সবই একটি মহিলাচালিত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করা হচ্ছে। তারাই বিভিন্ন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন গ্রাম্য মহিলাদের। মেয়েদের স্বনির্ভর করে তোলা এবং পরিবেশ দূষণ আটকানো দুই-ই ভালোভাবে করা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে।      
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ