Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচনবিধি উঠতেই বাঁকুড়ায় বাংলার বাড়ি প্রকল্পে সমীক্ষা

নির্বাচনবিধি উঠতেই বাঁকুড়ায় বাংলার বাড়ি প্রকল্পে সমীক্ষা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: উপ নির্বাচনের আদর্শ আচরণবিধি উঠতেই সোমবার থেকে বাঁকুড়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে সমীক্ষার কাজ শুরু হল। এই দফায় প্রায় দু’লক্ষ পরিবারে সমীক্ষা চালানো হবে। এদিন জেলার প্রতিটি ব্লকেই সমীক্ষকরা বাড়ি বাড়ি যান। উপভোক্তা তালিকায় নাম থাকা পরিবারগুলি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা তাঁরা খতিয়ে দেখেন। 
Advertisement
বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন বলেন, সম্ভাব্য উপভোক্তা তালিকায় সবমিলিয়ে ১ লক্ষ ৯৮ হাজারের কিছু বেশি লোকের নাম রয়েছে। প্রতিটি বাড়িতে সমীক্ষকরা যাবেন। ৭ ডিসেম্বরের মধ্যে সমীক্ষার কাজ শেষ করা হবে। ঝাড়াই বাছাইয়ের পর নতুন তালিকা তৈরি করা হবে। সেই রিপোর্ট রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। ৮-১৪ ডিসেম্বর পর্যন্ত নতুন তালিকা গ্রাম পঞ্চায়েত, বিডিও, এসডিও ও ডিএম অফিসে টাঙানো থাকবে। তালিকা নিয়ে কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে প্রশাসনকে জানানোর সুযোগ পাওয়া যাবে। জমা পড়া আবেদন আমরা খতিয়ে দেখব। প্রয়োজনে তালিকায় সংযোজন বা বিয়োজন করা হবে। তারপর চূড়ান্ত তালিকাও রাজ্যে পাঠানো হবে। তিনি আরও বলেন, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের পুরো টাকা রাজ্য সরকার দিচ্ছে। রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা জমা পড়বে। সেইমতো উপভোক্তাকে গৃহ নির্মাণ করতে হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বন্ধ করে দেওয়ায় বহু মানুষকে বিপাকে পড়তে হয়। গত বেশ কয়েকবছর ধরে বাঁকুড়া জেলার প্রায় ১ লক্ষ ২০ হাজার জন বাড়ি পাওয়ার জন্য ‘তীর্থের কাকের’ মতো অপেক্ষা করছেন। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে অনেককেই রোদ-বৃষ্টি-শীতে কষ্ট পেতে হচ্ছে। সমস্যা সমাধানে রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দের কথা জানান। সেইমতো প্রশাসন কাজ শুরু করে। তবে অন্যান্য জেলায় সমীক্ষার কাজ শুরু হলেও তালডাংরায় উপ নির্বাচনের জন্য বাঁকুড়ায় তা করা যায়নি। নির্বাচন কমিশনের তরফে এদিন সকালে আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে সমীক্ষার কাজ শুরু করতে আর কোনও বাধা থাকল না। এদিন সকাল ১০টা থেকে প্রশাসনের কর্মী-আধিকারিকরা ময়দানে নেমে যান। 
জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বাঁকুড়ায় সমীক্ষার জন্য মোট প্রায় ৩০০০ হাজার কর্মীকে কাজে লাগানো হচ্ছে। ওইসব কর্মীকে প্রায় ৮০০টি দলে ভাগ করে ময়দানে নামানো হয়েছে। কর্মীদের দেওয়া তথ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকরা খতিয়ে দেখবেন। প্রশাসনের পাশাপাশি পুলিসের তরফেও আবাসের সমীক্ষার কাজ খতিয়ে দেখা হবে। সব রিপোর্ট মিলিয়ে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
সম্পর্কিত সংবাদ