Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

'এখন আমার নতুন অধ্যায় শুরু', অধিনায়কত্ব থেকে পদত্যাগ হরমনপ্রীতের

ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্বের আর্মব্যান্ড খুলে রাখলেন হরমনপ্রীত কৌর। দীর্ঘদিনের অধিনায়ক হরমনপ্রীত মঙ্গলবার তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

'এখন আমার নতুন অধ্যায় শুরু',  অধিনায়কত্ব থেকে পদত্যাগ হরমনপ্রীতের
  • ৬ অক্টোবর, ২০২৬ ১২:১৬
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ অক্টোবর: ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্বের আর্মব্যান্ড খুলে রাখলেন হরমনপ্রীত কৌর। দীর্ঘদিনের অধিনায়ক হরমনপ্রীত মঙ্গলবার তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। দীর্ঘ এক দশকের নেতৃত্বের অধ্যায় শেষ করে এবার তিনি ফিরতে চান শুধুই ক্রিকেটারের ভূমিকায়। 

Advertisement

মঙ্গলবার বিসিসিআইয়ের একটি পর্যালোচনা বৈঠকের পরই উঠে এল এই গুরুত্বপূর্ণ ঘোষণা। গুয়াহাটিতে আয়োজিত এই বৈঠকে বোর্ড সচিব দেবজিত সইকিয়ার নেতৃত্বে দলের সাম্প্রতিক কয়েক মাসের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পথ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হরমনপ্রীত, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমল মুজুমদার। 

নিজের ইনস্টাগ্রাম পোস্টে হরমনপ্রীত লিখেছেন, ' আজ আমি সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সাথে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা আমার বাকি জীবন জুড়ে সাথে থাকবে। আমি এই দলকে এবং ভারতীয় মহিলা ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছি আমার রক্ত, আমার ঘাম, আমার সময়, এবং অনেক সময় আমার নিজের খেলা ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার একটি অংশও।

২০১৬ সালে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন হরমনপ্রীত। এরপর ২০২২ সালে পান ওয়ানডে নেতৃত্বের দায়িত্ব। ২০২৩ সালে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হয়ে ওঠেন তিনি। প্রায় এক দশক ধরে নেতৃত্বের ভার কাঁধে নিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন হরমনপ্রীত। তাঁর নেতৃত্বেই ভারতীয় মহিলা দল গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। পাশাপাশি সম্প্রতি টি-২০ ফরম্যাটে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। ফলে সাফল্যের একাধিক স্মৃতি নিয়েই অধিনায়কত্বের অধ্যায় শেষ করছেন তিনি। 

তবে বিদায়ের মুহূর্তে হতাশার বদলে হরমনপ্রীতের কণ্ঠে রয়েছে তৃপ্তি। তিনি জানিয়েছেন, এখন আমার জন্য নতুন অধ্যায় শুরু করার সময়। অধিনায়কত্ব হয়তো আজ শেষ হলো, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না। প্রত্যেক সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবারের সদস্য, এবং প্রত্যেক ভক্তকে ধন্যবাদ, যারা আমার উত্থান-পতনের সময়ে পাশে ছিলেন।' তাঁর বিশ্বাস, ভারতীয় দল এখন ভালো জায়গায় রয়েছে। সেই বিশ্বাস নিয়েই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ