নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: জমি-বিবাদে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ তুলে এবার সরাসরি পদত্যাগের হুঁশিয়ারি দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর দাবি, সন্দেশখালির বউঠাকুরানি গ্রামে তাঁর বাপের বাড়িতে গিয়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর মাকে হুমকি দিচ্ছে। সেকথা পুলিশকে জানিয়েও লাভ হয়নি। তাই ‘বিচার’ না পেলে বিধায়ক পদ ছাড়ার কথাও ভাবছেন তিনি।
সম্প্রতি জমি সংক্রান্ত একটি বিবাদে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন রেখা। এক পুলিশ অফিসারকে মারধর করতেও দেখা যায় বিজেপি বিধায়ককে। সেই ঘটনা নিয়ে অস্বস্তিতে পড়েছিল বিজেপি নেতৃত্ব। তবে তার রেশ কাটতে না কাটতেই তাঁর এই নয়া মন্তব্যের জেরে নতুন করে অস্বস্তিতে বসিরহাটের বিজেপি নেতৃত্ব। রেখার অভিযোগ, আমার বাপের বাড়ির জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে। মাকে রাতের অন্ধকারে হুমকি দেওয়া হচ্ছে। বাইকে করে মুখ ঢাকা দিয়ে এসে কিছু লোকজন হুমকি দিচ্ছেন। সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ আছে আমার কাছে। কিন্তু ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হলেও পুলিশ পদক্ষেপ করছে না। আমি বিধায়ক, অথচ পুলিশ আমারই কথা শুনছে না। তাই প্রয়োজনে আমি পদত্যাগ করব।
তিনি আরও বলেন, আমি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপস করিনি। ভবিষ্যতেও করব না। সরকার কী ব্যবস্থা নেয়, সেটা দেখি। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়া হলে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বিজেপি বিধায়কের এমন মন্তব্যে প্রশ্ন উঠেছে দলের অন্দরেও। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, একজন জনপ্রতিনিধির মন্তব্য করার আগে ভেবেচিন্তে করা উচিত। কোনো সমস্যা হলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা ভালো। আর রেখার অভিযোগ নিয়ে তৃণমূলের বক্তব্য, ওটা ওদের দলের বিষয়। আমরা এনিয়ে কোনো মন্তব্য করব না।