ইসলামাবাদ: দমনপীড়ন চালিয়েও পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দমন করতে পরেনি পাকিস্তান। এই অবস্থায় রাওয়ালকোটে শান্তি বৈঠকের জন্য প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এবার সেই প্রতিনিধি দলের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গেল। পাকিস্তান সরকারের প্রতিনিধি দলে রয়েছে জয়েশ-ই-মহম্মদ জঙ্গি ইলিয়াস কাশ্মীরি। ভারতের অন্যতম ওয়ান্টেড জঙ্গি এই কাশ্মীরি। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএসিসি) ছত্রছায়ায় আন্দোলন শুরু করেছেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষজন। সূত্রের খবর, আইএসআইয়ের হয়ে জেএসিসি-র সঙ্গে আলোচনা করেছে ইলিয়াস। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতেই ইলিয়াসকে দেখা গিয়েছে। এমনিতে জেএসিসির আন্দোলনকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছে উপত্যকার অন্য জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা। আন্দোলন নিয়ে জয়েশেরও মনোভাব একই। অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের বিক্ষোভ সামলাতে জয়েশ, লস্করের মতো জঙ্গি সংগঠনকে ব্যবহার করেছে আইএসআই। এবার সেই জয়েশের এক ব্যক্তিকে সরকারি প্রতিনিধি দলে নেওয়ায় শান্তি বৈঠকের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠে গেল।



