Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গি নদীঘাটে যাওয়ার রাস্তা দখল রুখতে দখলদারের বাড়িতে নোটিস

জলঙ্গি নদীর ঘাটে যাওয়ার রাস্তা দখল রুখতে দখলদারের বাড়িতে নোটিস লাগিয়ে দিল পঞ্চায়েত

জলঙ্গি নদীঘাটে যাওয়ার রাস্তা দখল রুখতে দখলদারের বাড়িতে নোটিস
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: ‘বর্তমান’ সংবাদপত্রে প্রকাশিত খবরের জের। জলঙ্গি নদীর ঘাটে যাওয়ার রাস্তা দখল রুখতে দখলদারের বাড়িতে নোটিস লাগিয়ে দিল পঞ্চায়েত। মঙ্গলবার নবদ্বীপ ব্লকের বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের পক্ষ থেকে দখলদারকে না পেয়ে তাঁর বাড়ির দেওয়াল নোটিস টাঙিয়ে দেওয়া হয়। সেই নোটিসে উল্লেখ করা হয়েছে ‘গ্রামবাসীদের আপত্তিতে ১৬৮ নম্বর দাগ খতিয়ান নং এলআর ৫৪০ সিকস্তিভূমি এক শতক পরিমাপ জমিতে প্রাচীর নির্মাণ করে দখল করার চেষ্টা করছেন। উক্ত কাজের জন্য নকশা অনুমোদন পত্র দেখানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’ এর পাশাপাশি যেকোনও রকম নির্মাণ কার্য স্থগিত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

উল্লেখ্য, নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েত ডাকঘর পাড়ার কাছে স্থানীয় বাসিন্দাদের জলঙ্গি নদীতে যাওয়ার একটিই মাত্র পথ। সেই পথের বেশ কিছু অংশ প্রাচীর দিয়ে বেআইনি দখলদারির অভিযোগ ওঠে নদী তীরবর্তী এক গ্রামবাসীর বিরুদ্ধে। সেই দখল রুখতে প্রতিবাদ জানিয়ে পথে নামেন স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকার বেশকিছু প্রতিবাদী গ্রামবাসী। তাঁদের অভিযোগ, জলঙ্গি তীরবর্তী এক বাসিন্দা মানিকচন্দ্র সাহা নিজের জমির সীমানা বাড়িয়ে বেআইনিভাবে এলাকার নদীতে যাওয়ার একমাত্র পথের কিছুটা অংশ দখল করার চেষ্টা করছেন। সেই উদ্দেশ্যে প্রাচীর দেওয়ার চেষ্টাও চালাচ্ছেন। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা তীব্র আপত্তি জানালেও সেব্যাপারে কোনও রকম কর্ণপাত করছেন না ওই বাসিন্দা। ফলে এই দখল রুখতে বাধ্য হয়ে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন। স্থানীয় গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন নদীয়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, কৃষ্ণনগর জলঙ্গি ভবন, স্থানীয় বিডিও, নবদ্বীপ বিএলআরও দপ্তর, স্থানীয় পঞ্চায়েত প্রধান, নবদ্বীপ থানার আইসি সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কাছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ডাকঘর পাড়ার জলঙ্গি স্নানঘাটে শুধু স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নন, পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীরা এই ঘাটটি স্নানের ঘাট হিসাবে ব্যবহার করেন। এমনকী এই জলঙ্গি ঘাটে স্বরূপগঞ্জ পঞ্চায়েত, চরমাজদিয়া-চরব্রহ্মনগর, মাজদিয়া-পানশিলা, কৃষ্ণনগর-১ নম্বর ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের দুর্গা প্রতিমা সহ বিভিন্ন দেবদেবী বিসর্জন দেওয়া হয়। অভিযোগ বেআইনি দখলের ফলে ঘাটে যাওয়ার রাস্তাটি যেমন সংকীর্ণ হয়ে যাচ্ছে, তেমনি প্রতিমা বিসর্জনেরও বিঘ্ন ঘটবে। 
স্থানীয় বাসিন্দা পরিমল সরকার বলেন, নদীতে যাওয়ার রাস্তার বেশ কিছুটা অংশজুড়ে অবৈধভাবে প্রাচীর দেওয়ার ঘটনাটি জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের কাছে লিখিতভাবে জানাই। এরপর প্রশাসনিক নির্দেশে পঞ্চায়েত যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় আমরা খুশি।
স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস বলেন, পঞ্চায়েত থেকে নোটিস করা হয়েছে। উনি বাড়িতে ছিলেন না। সে কারণে বাড়িতে নোটিসটি টাঙিয়ে দেওয়া হয়েছে। ওঁকে কাগজপত্র নিয়ে পঞ্চায়েতে দেখা করতে বলা হয়েছে। উনি এখনও পর্যন্ত দেখা করেননি। ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, পঞ্চায়েতের অনুমতি ছাড়া কোনওরকম নির্মাণ কাজ করা যাবে না।
কৃষ্ণনগর সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরে পঞ্চায়েত যথাযথ ব্যবস্থা নিচ্ছে। জলঙ্গি নদী দখলের কোনও অভিযোগ পেলেই প্রশাসনিকভাবে পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ