সংবাদাদাতা, ময়নাগুড়ি: চোরাই বার্মা সেগুন কাঠ পাচার রুখল লাটাগুড়ির বনদপ্তর। ১১ কিলোমিটার ধাওয়া করে পাচারকারীদের গাড়িটিকে আটক করা হয়েছে। প্রায় চল্লিশ লক্ষ টাকার বেআইনি বার্মা সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃতের নাম সন্দীপ সিং। সে উত্তর প্রদেশের বাসিন্দা। গোপন সূত্রে চোরাই বার্মা সেগুন কাঠ পাচারের খবর পায় লাটাগুড়ির ফরেস্ট রেঞ্জাররা। ওই বার্মা সেগুনের কাঠগুলিকে অসম থেকে উত্তর প্রদেশে পাচার করা হচ্ছিল। সেই খবরের ভিত্তিতে ফরেস্ট রেঞ্জাররা ঝাঝাঙ্গি এলাকায় পৌঁছয়। সেখানে তাঁরা সন্দেহজনক গাড়িটিকে আটক করার চেষ্টা করে। কিন্তু গাড়িটিকে আটকাতে গেলে পালানোর চেষ্টা করে তারা। এরপর তাদের পিছনে এগারো কিলোমিটার ধাওয়া করার পর উল্লাডাবাড়ি এলাকার জাতীয় সড়কে ট্রাকটিকে আটক করা হয়। ছয় চাকা বিশিষ্ট ট্রাকটিতে কাঠের গুঁড়োর ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। চালককে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসংগতি ধরা পড়ে। কাঠগুলির কোনোও বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরই অভিযুক্ত সন্দীপ সিংকে গ্রেপ্তার করে ফরেস্ট রেঞ্জাররা। এই গোটা ঘটনায় আরও কেউ জড়িত আছে কী না সেই বিষয়েও খতিয়ে দেখছে ফরেস্ট রেঞ্জাররা।



