নির্মীয়মাণ সেতুর স্লাব ভেঙে দুর্ঘটনা, আহত ৫
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৬:৫২
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: নির্মীয়মাণ সেতুর ঢালাইয়ের স্লাব ভেঙে পড়তেই মুহূর্তে হুলস্থুল পরিস্থিতি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার আশঙ্কা। ফোরলেনের রাস্তার কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাটি আলিপুরদুয়ারের ঘরঘরিয়ায় ঘটেছে। ঘটনায় কমপক্ষে পাঁচ জন শ্রমিক জখম হয়েছেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, এদিন একটি নির্মীয়মাণ সেতুর ফোরলেনের রাস্তায় কাজ চলছিল। সেই সময় হঠাৎই ওই সেতুর ঢালাইয়ের স্লাব ভেঙে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এনডিআরএফ কর্মীরা। আহত পাঁচ জন শ্রমিককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নির্মীয়মান ভেঙে পড়া স্লাবের নীচে আরও কেউ আটকে রয়েছে কি না তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। নির্মীয়মাণ সেতুর ঢালাই কীভাবে ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।