পরিচয় গোপন করে ভারতে বসবাস বাংলাদেশী পরিবারের, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বাড়ি
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: সাত বছর ধরে পরিচয় গোপন করে সরকারি জায়গায় বসবাস বাংলাদেশী পরিবারের! এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বাংলাদেশীদের তৈরী বাড়িঘর। রবিবার দুপুরে পুলিশ প্রশাসন সরকারি জায়গায় বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে দখলমুক্ত করে দেয়। এই ঘটনা রাজ্যে অন্যতম দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত ত্রিমোহিনীর পাওয়ার হাউস এলাকার। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের সঙ্গে ওই বাংলাদেশী পরিবারের সদস্যদের সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে এক স্থানীয় যুবকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন পরিবারের এক সদস্য। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই পরিবারের পরিচয় নিয়ে খোঁজখবর শুরু করে। তদন্তে উঠে আসে, তাঁরা বাংলাদেশের মহাস্থানগড় থেকে ভারতে এসেছিল। তারপর তারা নাম পরিবর্তন করে এবং দীর্ঘ সাত বছর ধরে পরিচয় গোপন করে বসবাস করছিলেন বলে অভিযোগ। পাশাপাশি সরকারি জমিতে বাড়িঘর তৈরি করে থাকার বিষয়টিও সামনে আসে। ওই পরিবারের স্বামী, স্ত্রী ও তিন ছেলেমেয়ে সবাই বসবাস করছিলেন। ওই পরিবারের নামে একাধিক অভিযোগ সামনে এসেছে, তারা বিগত দিনে বহু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের কেউ আশ্রয় দিয়েছিলেন। ওই পরিবারের পাঁচজন সদস্যকে বর্তমানে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ। তদন্তে নেমে দেখা যায়, তারা সরকারি পূর্ত দপ্তরের জমি দখল করে টিনের বাড়িঘর তৈরি করেছিল।আজ, রবিবার প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে সরকারি জমিতে তৈরি বাড়িঘর ভেঙে উচ্ছেদ অভিযান চালানো হয়। এই ঘটনা রাজ্যে নজির গড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের।