সংবাদদাতা, দুর্গাপুর: বেআইনি নির্মাণ নিয়ে এবার কড়া অবস্থান নিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাঁর হুঁশিয়ারি, যাঁরা নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করেছেন, তাঁরা নিজেরা এগিয়ে এসে দোষ স্বীকার করুন। নির্ধারিত সময়ে সাড়া না মিললে বুলডোজার চালিয়ে সেই নির্মাণ ভেঙে দেওয়া হবে। আজ, রবিবার দুর্গাপুর পুরসভায় দশটি বর্জ্যবাহী গাড়ির উদ্বোধন করে সাংবাদিক বৈঠকে এই বার্তা দেন তিনি। পাশাপাশি শিল্পে বিনিয়োগ, শহরের পরিকাঠামো উন্নয়ন এবং ধর্মীয় স্থাপনা নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মন্ত্রী।
মন্ত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ, আগের সরকারের আমলে চারতলা বাড়ি তৈরির অনুমতি নিয়ে পরে চিরকুটের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে নিজের মতো নির্মাণের সুযোগ দেওয়া হত। সেই কারণেই বহু জায়গায় চারতলার অনুমতি নিয়ে আটতলা পর্যন্ত বাড়ি গড়ে উঠেছে। তাঁর দাবি, বর্তমান সরকার এই ধরনের অনিয়ম বরদাস্ত করবে না। যাঁরা নিয়ম ভেঙেছেন, তাঁদের নোটিস পাঠিয়ে সাত দিন সময় দেওয়া হবে। তারপরেও ব্যবস্থা না নিলে নির্মাণ ভাঙার পথে হাঁটবে প্রশাসন।
এদিনের বৈঠকে আসানসোলের পাঁচ এবং দুর্গাপুরের দুই বিধায়কের সঙ্গে নগরোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথাও জানান তিনি। গত ছ’মাসে কী কাজ হয়েছে, কোন প্রকল্প কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখাই ছিল আলোচনার অন্যতম উদ্দেশ্য। পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি, ডাম্পিং গ্রাউন্ড এবং বর্জ্য পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন মন্ত্রী। তাঁর লক্ষ্য, প্রতিটি বাড়িতে জল-বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা।
আসানসোল, দুর্গাপুরের পাশাপাশি নবদ্বীপ, মায়াপুর, তমলুক, কোচবিহার ও দার্জিলিংকে স্মার্ট সিটির আদলে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। উন্নত পরিকাঠামো তৈরি করে বাংলায় শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে বলে জানান। নগরোন্নয়নের কাজে সিএমইআরআইয়ের তৈরি যন্ত্রপাতি ব্যবহারের জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
অন্যদিকে, দুর্গাপুরে হনুমানের বিশাল মূর্তি স্থাপন নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে অগ্নিমিত্রার দাবি, গত ১৫ বছরে হিন্দুদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছে। মন্দির নির্মাণ ও উৎসবের অনুমতি পেতেও অনেক ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। তাঁর পাল্টা প্রশ্ন, ধর্মীয় স্থাপনা তৈরি হলে আপত্তি কোথায়, যখন একই সঙ্গে রাজ্যে শিল্পে বিপুল বিনিয়োগ আনার চেষ্টাও চলছে? বিশ্ব বাংলা লোগো নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, ক্ষুদ্র ও কুটিরশিল্পকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার কাজ না হলে ওই প্রতীকের সার্থকতা কোথায়?



