নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পথ দুর্ঘটনা রায়গঞ্জ শহর সংলগ্ন উদয়পুরে। আজ, রবিবার রাতে সরকারি একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। ওই গাড়িতে ছিলেন স্বাস্থ্যভবনের এক স্বাস্থ্য আধিকারিক-সহ চারজন। তাঁরাই দুর্ঘটনায় আহত হন। স্বাস্থ্যভবনের ওই স্বাস্থ্য আধিকারিকের নাম চিকিৎসক নিতাই চন্দ্র মন্ডল। দুর্ঘটনায় ওই চিকিৎসকের পায়ে এবং মাথায় গুরুতর চোট লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গাড়িচালক সাইনুর আলিও আহত হয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলায় স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনের জন্য ওই চিকিৎসকরা এসেছিলেন। এর মাঝেই এই দুর্ঘটনাটি ঘটে। তবে স্বাস্থ্যভবনের পরিদর্শক টিমের ব্যাপারে বিশদে কিছু জানাতে চাননি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস।



