Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজ্ঞপ্তি আগস্টেই, ইন্টেনসিভ রিভিশন শুরু এবার বাংলায়!

বিহারের পরই পশ্চিমবঙ্গ! আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের(এসআইআর) বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর।

বিজ্ঞপ্তি আগস্টেই, ইন্টেনসিভ রিভিশন শুরু এবার বাংলায়!
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভঙ্কর বসু, কলকাতা; বিহারের পরই পশ্চিমবঙ্গ! আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের(এসআইআর) বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর। কমিশনের তৎপরতা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এরাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআরের প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন। তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায়, আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন। যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন। তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি।   

Advertisement

বিহারের মতোই গোটা দেশে এসআইআরের জন্য যাবতীয় ‘ফিল্ড ওয়ার্ক’ করতে হবে বুথ লেভেল অফিসারদের। এ রাজ্যও তার ব্যতিক্রম নয়। রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর (সিইও অফিস) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা ডিইও’কে তেমনই বার্তা দেওয়া হয়েছে। আর ঠিক তার পরের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিএলও’দের প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশন। মূলত ইন্টেনসিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে। সিইও দপ্তর সূত্রে আরও খবর, বিএলও’দের প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনে চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিইও অফিস। তারপরই আগামী মাসের মাঝমাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা।
পশ্চিমবঙ্গে শেষবার ২০০২ সালের ১ জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল। সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও।  আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিশেষত এসআইআরের সময় গণনা বা ইনিউমারেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়েই বিপত্তি তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে, ইনিউমারেশন ফর্মের সঙ্গে মোট ১১টি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখানেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনও ভোটারের নাম যাতে বাদ না পড়ে, এই দাবি জানিয়ে ইতিমধ্যেই কমিশনে দরবার করেছে তারা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য ২০০৩ সালকেই ভিত্তি হিসেবে কমিশন ধরতে চাইছে কমিশন। এদিকে, দেশজুড়ে এসআইআর নিয়ে কোনও স্থগিতাদেশ না দিলেও ইনিউমারেশন ফর্মের সঙ্গে আধার, ভোটার ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ