নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র চার বছর আগে পেশাদার ফুটবলে পথ চলা শুরু করে ডায়মন্ডহারবার এফসি। অভিষেকেই ঘরোয়া লিগে সাড়া ফেলে তারা। গতবার আই লিগ-২ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করে কিবু ভিকুনার ছেলেরা। আর চলতি মরশুমে প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নেমে শেষ চারের টিকিট নিশ্চিত করেন জবি জাস্টিনরা। গ্রুপ পর্বে মোহন বাগানের কাছে হারলেও, মহমেডান ও বিএসএফ’কে বশ মানায় তারা। আর শেষ আটের লড়াইয়ে জামশেদপুরের বিরুদ্ধে দাপুটে জয় রাতারাতি ভারতীয় ফুটবলে শিরোনামে তুলে আনে ডায়মন্ডহারবারকে। তবে এবার লড়াইটা আরও কঠিন। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। স্বাভাবিকভাবে ম্যাচে আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে ডায়মন্ডহারবার। তবে ফুটবলে ‘নাথিং ইজ ইমপসিবেল’ মন্ত্রেই ছেলেদের লড়াইয়ের আগে উদ্বুদ্ধ করছেন কোচ কিবু। তাঁর কথায়, ‘ইস্ট বেঙ্গল অবশ্যই এবারের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ডার্বিতে জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। তবে আমরাও তৈরি। নিজেদের যোগ্যতাতেই শেষ চারে পৌঁছেছি। সেরাটা মেলে ধরতে পারলে ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়।’



