Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অমাবস্যা নয়, চতুদর্শীতে একসঙ্গে ৮ কালীর পুজো, ভিড় লক্ষাধিক মানুষের

জাঙ্গিপাড়ার আঁটপুর আনরবাটী গ্রামে অমাবস্যায় কোনও কালীপুজো হয় না। তার আগের দিন চতুর্দশীতে গ্রামে একসঙ্গে আটটি কালীপুজো হয়। বিশেষ এই পুজো দেখতে প্রতিবছর ভিড় হয় লক্ষাধিক  ভক্তের।

অমাবস্যা নয়, চতুদর্শীতে একসঙ্গে ৮ কালীর পুজো, ভিড় লক্ষাধিক মানুষের
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমিত চৌধুরী, তারকেশ্বর:

Advertisement

জাঙ্গিপাড়ার আঁটপুর আনরবাটী গ্রামে অমাবস্যায় কোনও কালীপুজো হয় না। তার আগের দিন চতুর্দশীতে গ্রামে একসঙ্গে আটটি কালীপুজো হয়। বিশেষ এই পুজো দেখতে প্রতিবছর ভিড় হয় লক্ষাধিক  ভক্তের।
গ্রামের প্রধান দেবী বড় মা। তাঁর পুজো কবে শুরু তার সঠিক হিসেব জানা নেই কারও। এছাড়াও রয়েছেন মেজো-ছোটো-নেড়া কালী, পঞ্চানন্দ মা-তামলিবাড়ির মা, কাঁটামণি, কামারে কালী। সব প্রতিমারই গায়ের রং নীল। শুধুমাত্র কাঁটামণির মূর্তির রং কালো। ২৫০ বছরেরও প্রাচীন ছোট বা ছেলে কালী। তাঁর পাশেই পুজো হয় মেজ কালীর। পাশাপাশি অবস্থান করেন মেজ ও ছোট।
একসময় এই গ্রাম ছিল রানি ভবানীর এলাকা। পরবর্তীকালে গ্ৰাম লিজ নেন বর্ধমানের মহারাজা। গ্ৰামে এসেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু, জাহ্নবী দেবী, পরমেশ্বর দাস সহ বহু গুণীজন। গ্ৰামের নাম ছিল বিশখালা। পরবর্তীকালে হয় বিশখালি। মুসলমান জায়গীরদার আঁটুর খাঁ’র নাম থেকে হয় আঁটপুর নাম। জায়গীরদার আঁনর খাঁ’র নাম থেকে আনরবাটী। একসময় গ্রাম ছিল বৈষ্ণবভূমি। পরবর্তীকালে হয় শাক্ত। আনরবাটী গ্রামের কালীপুজো শ্যামাকালী পুজোর দিন হয় না। হয় চতুর্দশী তিথিতে। পুজো শেষ করে সূর্যোদয়ের আগেই বিসর্জন আটটি প্রতিমার। কথিত, গ্রামে একবার মহামারী ছড়িয়ে পড়েছিল। সবাই পালাতে শুরু করে। দাহ করার পর্যন্ত লোক ছিল না গ্রামে। সে সময় হরিপ্রবোধ মিত্র তাঁর ঠাকুরমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাচ্ছিলেন। রাস্তায় এক মহিলার সঙ্গে দেখা। মহিলা তাঁকে গ্রাম ছাড়তে নিষেধ করেন। শ্মশানের মাঠে  পুজো শুরুর কথা বলেন। পুজো শুরুর পর মহামারী মুক্ত হয় গ্রাম। সেই থেকে আজও পূজিতা বড়মা ও  আট দেবী। প্রথা মেনে প্রতিমার কোনও ছবি কেউ বাড়িতে রাখে না। মেজোকালীর পুজো বংশ পরম্পরায় করছে দাস পরিবার। রঞ্জন দাস বলেন, ‘বলি হয়। জাগ্রত মেজো কালীর কাছে প্রার্থনা করে কোনও ভক্ত নিরাশ হয়নি।’ ছোট কালী (ছেলে কালী) আরাধনা করেন বাপ্পা দীর্ঘাঙ্গী। ছোট কালীর উচ্চতা মাত্র দেড় ফুট। কালীপুজোর আগের দিন অন্যরূপে সেজে ওঠে আনরবাটী। লক্ষাধিক ভক্ত সমাগম হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ