Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাধ সাধল প্রকৃতি, তৃতীয় চেষ্টাতেও পোলোগঙ্কা জয়ে ব্যর্থ উত্তরের অভিযাত্রীরা

প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পোলোগঙ্কা শৃঙ্গ জয় হাতছাড়া হল উত্তরবঙ্গের অভিযাত্রীদের। তিনবারের চেষ্টাতেও তাঁরা পৌঁছতে পারলেন না ২০ হাজার ৯৬০ ফুট উচ্চতা বিশিষ্ট লাদাখ হিমালয়ের ওই শৃঙ্গে।

বাধ সাধল প্রকৃতি, তৃতীয় চেষ্টাতেও পোলোগঙ্কা জয়ে ব্যর্থ উত্তরের অভিযাত্রীরা
  • ১৫ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পোলোগঙ্কা শৃঙ্গ জয় হাতছাড়া হল উত্তরবঙ্গের অভিযাত্রীদের। তিনবারের চেষ্টাতেও তাঁরা পৌঁছতে পারলেন না ২০ হাজার ৯৬০ ফুট উচ্চতা বিশিষ্ট লাদাখ হিমালয়ের ওই শৃঙ্গে। ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছেও ফিরতে হল তাঁদের। বেস ক্যাম্প টু’র উপরে প্রবল হাওয়ার সঙ্গে ভারী তুষারপাতের কারণে বারবার চেষ্টা করেও আর এগনো যায়নি বলে জানিয়েছেন অভিযাত্রীদের টিম লিডার জলপাইগুড়ির পর্বতারোহী ভাস্কর দাস। অল্পের জন্য পোলোগঙ্কা শৃঙ্গ জয় অধরা থেকে গেলেও অভিযাত্রীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার তাঁরা বেস ক্যাম্প থেকে মানালির উদ্দেশে রওনা দিয়েছেন।

Advertisement

গত পয়লা জুলাই উত্তরবঙ্গের ছ’টি অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ উদ্যোগে ১১ জনের অভিযাত্রী দল পোলোগঙ্কা শৃঙ্গ জয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। ওই টিমে দু’জন মহিলাও ছিলেন। এর আগে বিভিন্ন ট্রেকার্স ও অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে অভিযান হলেও উত্তরবঙ্গ থেকে এই প্রথম যৌথভাবে পর্বতাভিযানের আয়োজন করা হয়েছিল।

পোলোগঙ্কা শৃঙ্গ জয়ের অভিযানে শামিল উত্তরের অভিযাত্রীরা গত ৭ জুলাই প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করেন। ১০ জুলাই সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় স্থাপন করা হয় ক্যাম্প ওয়ান। কিন্তু দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে পড়ায় ডাঃ স্বরূপ খান ও সুস্মিতা সরকার বেস ক্যাম্পে তাঁকে নিয়ে থেকে যান। ১১ জুলাই প্রায় সাড়ে ১৯ হাজার ফুট উচ্চতায় ক্যাম্প টু স্থাপন করা হয়। পরদিন সেখানে পৌঁছন দলের আট সদস্য। ১৩ তারিখ ভোররাতে শৃঙ্গ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১২ তারিখ সন্ধ্যা থেকেই তুষারপাত শুরু হয়ে যায়। সঙ্গে বইতে থাকে প্রবল হাওয়া। খারাপ আবহাওয়ার মধ্যেই অভিযাত্রীরা ১৩ জুলাই ভোর সাড়ে চারটের সময় দলের ৮ অভিযাত্রী এগনোর চেষ্টা করেন। ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পর আবহাওয়া আরও খারাপ হয়। ফলে আর এগতে পারেন না তাঁরা।

টিম লিডার জানিয়েছেন, প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শৃঙ্গে পৌঁছনোর চেষ্টা করা হয়। প্রায় আধঘণ্টা ধরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকেন তাঁরা। কিন্তু কোনওভাবেই আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষমেশ তাঁরা দু’নম্বর ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নেন। ক্যাম্প টু’তে পৌঁছেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েন অভিযাত্রীরা। পরে পরিস্থিতি একটু ভালো হওয়ায় ফের শৃঙ্গে পৌঁছনোর চেষ্টা করা হয়। কিন্তু তা সফল না হওয়ায় তাঁরা এক নম্বর ক্যাম্পে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক হয়, আবহাওয়া ভালো হলে ক্যাম্প ওয়ান থেকে ফের শৃঙ্গজয়ের চেষ্টা করা হবে। কিন্তু সেটাও সফল হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ