Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী নর্থ বেঙ্গল, ম্যাচের সেরা শিলিগুড়ির রাজা

বেঙ্গল সুপার লিগে অবশেষে ঘরের মাঠে জয়ের মুখ দেখল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি।

জয়ী নর্থ বেঙ্গল, ম্যাচের সেরা শিলিগুড়ির রাজা
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: বেঙ্গল সুপার লিগে অবশেষে ঘরের মাঠে জয়ের মুখ দেখল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুন্দরবন বেঙ্গল অটো এফসি’কে ১-০ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। ম্যাচের সংযোজিত সময়ে দুরন্ত গোলে দলকে তিন পয়েন্ট এনে দেন ঘানার স্টপার আংগো আব্দুল সামেদ। কর্নার থেকে রিকি ঘরামির ভাসানো সেন্টারে স্পটজাম্পে দর্শনীয় হেডে গোল করেন তিনি (১-০)। আর ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন শিলিগুড়ির ছেলে রাজা বর্মন। নর্থ বেঙ্গল গোলের নীচে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে ম্যাচের নায়ক এই তরুণ গোলরক্ষক। উল্লেখ্য, টুর্নামেন্টে মঙ্গলবারই প্রথম হারের মুখ দেখল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ফলে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করল মেহতাব হোসেনের দল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। পক্ষান্তরে, এদিনের জয়ের সুবাদে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল নর্থ বেঙ্গল ইউনাইটেড (৬ ম্যাচে ১০ পয়েন্ট)।

Advertisement


দিনের অপর ম্যাচে উত্তর ২৪ পরগণার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল কোপা টাইগার্স বীরভূম। ম্যাচের ২৯ মিনিটে রহিমথাঙ্গার গোলে এগিয়ে যায় উত্তর ২৪ পরগণার দলটি। তবে প্রথমার্ধের শেষলগ্নে দলকে সমতায় ফেরান কোপা টাইগার্সের মার্শাল হেমব্রম। এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই বেশ কিছু সুযোগ পেলেও স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসেনি। উল্লেখ্য, টুর্নামেন্টে হাফ ডজন ম্যাচ শেষে জয় অধরা কোপা টাইগার্সের। ৬ ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ