নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গল সুপার লিগে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল নর্থ বেঙ্গল ইউনাইটেড। শনিবার বোলপুর স্টেডিয়ামে বর্ধমান ব্লাস্টার্সকে ২-০ ব্যবধানে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্য ব্রিগেড। লক্ষ্যভেদে সফল সঞ্জু ও ডেভিড। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। সিটার নষ্ট না হলে নর্থ বেঙ্গল আরও বড় ব্যবধানে জিততেই পারত। অন্যদিকে রক্ষণের ভুলই ডোবাল সন্দীপ নন্দীর বর্ধমান ব্লাস্টার্সকে। আসলে দলের কম্বিনেশন এখনও তৈরি নয়। অনভিজ্ঞতার মাশুল দিতে হচ্ছে বর্ধমানকে।
এদিকে রবিবার বিএসএলে নর্থ ২৪ পরগনা এফসির সামনে এফসি মেদিনীপুর। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর একটায়। গত ম্যাচে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে হেরে লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ২৪ পরগনার দলটি। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া লালকমল ভৌমিক, গৌতম ঘোষের ব্রিগেড। আর্জেন্তিনার স্ট্রাইকার জোসুয়া যোগ দিয়েছেন। মেসির দেশের ফুটবলারকে ঘিরে প্রবল প্রত্যাশা। ক্লিক করলে ম্যানেজমেন্টের চিন্তা কমবে। কুন্তল পাখিরা, তারক হেমব্রমদের ফোকাসে শুধুই তিন পয়েন্ট। অন্যদিকে মেদিনীপুরের কোচ জয়ন্ত সেন বেশ চাপে। এখনও জয় পায়নি তাঁর দল। আট দলের লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে মেদিনীপুরের ফ্র্যাঞ্চাইজি দলটি। ঘানার ফুটবলার সেইদু দলের বড় ভরসা। ছটফটে সুদীপ কুমার দাস ও প্রতিশ্রুতিমান সাগুন সোরেনের দিকে নজর থাকবে। সবমিলিয়ে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে জয়ন্ত সেনের দল।