সংবাদদাতা, শিলিগুড়ি: বেঙ্গল সুপার লিগে ঘরের মাঠে ম্যাচের নায়ক শিলিগুড়ির গোলরক্ষক রাজা বর্মন। শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এফসি মেদিনীপুরকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। লক্ষ্যভেদে সফল ডেভিড। তবে দুরন্ত সেভ করে জয় নিশ্চিত করনে রাজা। এই জয়ের সৌজন্যে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এল উত্তরবঙ্গ। ৫৫ মিনিটে ডানদিক থেকে আসা মাইনাসে পা ছুঁইয়ে উত্তরবঙ্গকে এগিয়ে দেন ডেভিড (১-০)।
রবিবার ব্লকব্লাস্টার বিএসএলের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হতে পারে। লিগ টেবিলের প্রথম তিনে থাকা দল মাঠে নামছে রবিবার। প্রথম খেলায় সুন্দরবন বেঙ্গল অটো এফসির বিরুদ্ধে খেলবে মুর্শিদাবাদ-মালদা জেএইচআর রয়্যাল সিটি। লড়াই দুই ও তিনের। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়্যাল সিটি। ম্যাচ জিতলে ২১ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে ওঠার সুযোগ তাদের সামনে। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট সুন্দরবনের। তারা বাজিমাত করলেও শীর্ষে আসার সম্ভাবনা আছে। তবে তখন হাওড়া-হুগলির থেকে গোল পার্থক্যে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে রয়াল সিটির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে মেহতাব হোসেন ব্রিগেডকে। তবে কাজটা খুব কঠিন। এদিন দ্বিতীয় ম্যাচে কোপা টাইগার্স বীরভূমের প্রতিপক্ষ হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হোসে ব্যারেটোর দল। দুরন্ত ছন্দে থাকা ওয়ারিয়র্সের কাছেও সিংহাসন ধরে রাখার ম্যাচ। তাদের প্রতিপক্ষ বীরভূম এখনও একটা ম্যাচ জেতেনি। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণের রোলার চালাতে তৈরি পাওলো, আজহাররা।