নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের শুরুতে জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল উত্তর ২৪ পরগনা এফসি। ১-০ ব্যবধানে তারা হারাল উত্তরবঙ্গ এফসি’কে। ম্যাচে একমাত্র লক্ষ্যভেদ জোমুয়ানসাঙ্গার। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এল উত্তর ২৪ পরগনার দলটি। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট উত্তরবঙ্গের।
এই মুহূর্তে টানটান লড়াইয়ে রয়েছে প্রতিযোগিতার প্রথম পাঁচটি দল। শীর্ষস্থানে মুর্শিদাবাদ-মালদহ জেএইচ আর রয়্যাল সিটি এফসি। তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। টানা দু’টি ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। তাদের ঝুলিতে রয়েছে ১৩ পয়েন্ট। তিনে অবস্থান করছে হোসে ব্যারেটোর হাওড়া-হুগলি। তাদেরও পয়েন্ট ১৩। প্রতিটি দল ইতিমধ্যে সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে।
রবিবার ঘরের মাঠ ক্যানিং স্টেডিয়ামে খেলতে নামছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। প্রতিপক্ষ টুর্নামেন্টের লাস্টবয় কোপা টাইগার্স বীরভূম। এখনও জয়ের মুখ দেখেনি তারা। অন্যদিকে, পরপর দু’টি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সুন্দরবন। তবে টানা ম্যাচ খেলার ধকল চিন্তায় রেখেছে কোচ মেহতাব হোসেনকে।