সংবাদদাতা, বর্ধমান: হাড্ডাহাড্ডি লড়েও সুন্দরবন বেঙ্গল অটো এফসি’র কাছে হেরে গেল বর্ধমান ব্লাস্টার্স। সোমবার ব্লাস্টার্স-এর হোম ম্যাচটি বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ প্রস্তুত না হওয়ায় স্পন্দন থেকে সরিয়ে বীরভূমের বোলপুর স্টেডিয়ামে খেলাটি হয়। ২-১ গোলে বর্ধমানকে বশ মানায় মেহতাব হোসেন, অসীম বিশ্বাসের দল। ৫৫ মিনিটে দেবাশিস প্রামাণিক দূরপাল্লার শটে জাল কাঁপান। কিন্তু বর্ধমান কোচ সন্দীপ নন্দীর উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিচমন্ড ও আকিব নবাবের গোলে ম্যাচ জেতে সুন্দরবন। অন্যদিকে, প্রথম ম্যাচেই ঝড় তুলল উত্তর ২৪ পরগনা। সোমবার নৈহাটিতে বেঙ্গল সুপার লিগের ম্যাচে কোপা টাইগার্স বীরভূমকে ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিল লালকমল ভৌমিক, গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন দল। ম্যাচের সেরা মহমেডান স্পোর্টিংয়ের প্রাক্তনী তন্ময় ঘোষ। ১৬ মিনিটে তাঁর লক্ষ্যভেদেই লিড নেয় উত্তর ২৪ পরগনা। এরপর স্কোরশিটে নাম তোলেন মৃন্ময় মহাপাত্র, জোমুয়ানসাঙ্গা ও কুন্তল পাখিরা।



