সংবাদদাতা, বহরমপুর: গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক মাছ ব্যবসায়ীর। শুক্রবার সকালে মাছ বিক্রি করতে যাওয়ার সময় হরিহরপাড়া- পাটিকাবাড়ি রাজ্য সড়কে নওদা থানার আমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃত মাছ ব্যবসায়ীর নাম নিশাকর মণ্ডল(৩৫)। বাড়ি নবগ্রাম থানার গৌরাঙ্গডাঙায়। নওদা থানার পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটি নিয়ে চালক পলাতক।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিশাকরবাবু বিভিন্ন জায়গা থেকে মাছ কিনে আমতলায় পাইকারি বা খুচরো বাজারে বসে বিক্রি করতেন। বৃহস্পতিবার বিকেলে পাঁচগ্রাম থেকে জিওল মাছ কিনে বাড়িতে জিইয়ে রেখেছিলেন। শুক্রবার ভোর ৪টে নাগাদ বাইকে মাছ নিয়ে আমতলার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টা নাগাদ বাড়িতে দুর্ঘটনার খবর আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি গাড়ি নিশাকরবাবুর বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



