Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিহারে বিনা নোটিসে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না, আশ্বাস কমিশনের

নোটিস ছাড়া বিহারে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টে দাখিল নয়া হলফনামায় এমনই আশ্বস্ত করল নির্বাচন কমিশন।

বিহারে বিনা নোটিসে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না, আশ্বাস কমিশনের
  • ১০ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: নোটিস ছাড়া বিহারে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টে দাখিল নয়া হলফনামায় এমনই আশ্বস্ত করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে প্রত্যেককে তাঁদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।

Advertisement

বিহারে  প্রশ্নবিদ্ধ কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ। বিরোধীরা ইতিমধ্যে এনিয়ে আপত্তি জানিয়েছে। বিধানসভা ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে তালিকায় সংশোধন কেন? উঠেছে সে প্রশ্ন। যদিও বিরোধীদের বক্তব্যকে কমিশন গুরুত্ব না দেওয়ায় দু’তরফে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিহারে এসআইআরে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা হয়েছে। সেই মামলার শুনানিতে শনিবার নতুন করে হলফনামা দাখিল করেছে কমিশন। যেখানে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ সাধারণ ন্যায়বিচারের নীতি মেনেই কমিশনকে নিজের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।  এনিয়ে মামলাকারীরা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও এদিন আদালতে অভিযোগ করেন কমিশনের আইনজীবী। যে কারণে তাঁদের বড় অঙ্কের জরিমানা করার আবেদন জানান।
গত ১ অগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। অভিযোগ, ৬৫ লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি। খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। তার পরেই এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চায় সর্বোচ্চ আদালতের  তিন সদস্যের বেঞ্চ। আগামী ১২ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির তারিখ স্থির হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ